নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতীতে অনুশীলন শেষ করেই তড়িঘড়ি টিম হোটেলে ছুটলেন কামিংসরা। গাড়িতে উঠে মোবাইলের স্ক্রিনে চোখ রাখলেন কেউ কেউ। আসলে নর্থইস্ট ইউনাইটেড বনাম জামশেদপুর এফসি’র মধ্যে আইএসএলের প্লে-অফ ম্যাচের দিকে ফোকাস ছিল গোটা দলের। শিলংয়ে নর্থইস্টকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে মোলিনা ব্রিগেডের প্রতিপক্ষ খালিদ জামিলের জামশেদপুর। স্টিফেন এজে দলকে এগিয়ে দেওয়ার পর সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান জাভি। চলতি টুর্নামেন্টে গ্রুপ লিগে জামশেদপুরকে হোম ম্যাচে হারায় মোহন বাগান। অ্যাওয়ে ম্যাচের ফল ১-১। শেষ চারের লড়াইয়ে প্রথম লেগে ৩ এপ্রিল ইস্পাতনগরীতে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। কামিংসদের হোম ম্যাচ ৭ এপ্রিল। আইএসএলের লিগ-শিল্ড ইতিমধ্যেই মোহন বাগানের পকেটে। ভারত সেরা দলের নজরে এবার ‘ডাবল’। তবে জাতীয় দলের ম্যাচের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল টুর্নামেন্ট। তাই দ্রুত ছন্দ ফিরিয়ে আনতে হবে মোলিনাকে। আপাতত সেদিকেই ফোকাস করছেন তিনি।



