উইং প্লে’তে জোর মোহন বাগানের
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: ঘড়িতে তখন সাড়ে এগারোটা। কোচ পানাজিওটিস ডিম্পেরিস বাঁশি বাজিয়ে জানিয়ে দিয়েছেন, অনুশীলন শেষ। তবুও যুবভারতীর প্র্যাকটিস মাঠ ছাড়ার নাম নেই লিস্টন-মনবীরদের। বল পায়ে নিজেদের মধ্যেই ফান গেমে মেতে ছাংতেরা। উইঙ্গারদের এই রসায়ন রবিবার ডার্বিতে মূলধন মোহন বাগানের। শুক্রবার অনুশীলনেও উইং প্লে’তে জোর দিলেন কোচ পানোস। সিচুয়েশন প্র্যাকটিসের শুরুতে সিঙ্গল স্ট্রাইকার ম্যাকলারেনের সঙ্গে দুই উইঙ্গার মনবীর ও লিস্টন। এই পর্বে একাধিকবার গতি বাড়িয়ে উলটো দিকের বক্সে হানা দিলেন গোয়ানিজ উইঙ্গার। আবার মনবীরের ঠিকানা লেখা ক্রস থেকেও জাল কাঁপালেন ম্যাকা। স্বস্তির খবর, উদ্বেগ কাটিয়ে ড্রাজিচ পুরোদমে অনুশীলন করলেন। পরে লিস্টন-মনবীরের জায়গায় ড্রাজিচ ও ছাংতেকে দেখে নিলেন কোচ।

Advertisement

ডার্বিতে দুই উইং-হাফে কাদের রেখে শুরু করবেন পানোস? মোহন বাগান শিবিরে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে ড্রেসিং-রুম থেকে চুঁইয়ে আসা খবর, দৌড়ে এগিয়ে লিস্টন ও মনবীর। গত ম্যাচে গোল পেলেও ছাংতেকে তুলে দ্বিতীয়ার্ধে মনবীরকে মাঠে নামিয়েছিলেন মোহন বাগান কোচ। দলের দ্বিতীয় গোলের ক্ষেত্রে অবদানও রাখেন তিনি। পাশাপাশি পাঞ্জাবি উইঙ্গারের উচ্চতা সেটপিসে কার্যকরী। লিস্টনও সম্প্রতি উন্নতি করেছেন। কাট করে ঢুকে তাঁর দূরপাল্লার শট বরাবর ভয়ংকর। ইদানীং প্লে-মেকারের ভূমিকাতেও সাবলীল তিনি। তবে গত ম্যাচে ড্রাজিচকে নম্বর টেনের ভূমিকায় ব্যবহার করা হয়েছিল। মোদ্দা কথা, উইং পজিশনে পানোসের কাছে একাধিক অস্ত্র। তবে ব্যক্তিগত সমস্যায় এদিন অনুশীলনে আসেননি মিগুয়েল ফিগুয়েরা। ডার্বির ৪৮ ঘণ্টা আগে তাঁর অনুপস্থিতি ধোঁয়াশা বাড়াল।
বড় ম্যাচের উত্তাপে গা সেঁকতে শুক্রবার সকালেই যুবভারতীতে হাজির বেশ কিছু সবুজ-মেরুন সমর্থক। ‘জয় মোহন বাগান’ স্লোগানে প্লেয়ারদের উজ্জীবিত করে গেলেন তাঁরা। এদিন অবশ্য হালকা অনুশীলনই করিয়েছেন পানোস। তবে রাইট উইং-ব্যাক অভিষেক টেকচামকে নিয়ে উদ্বেগ বাড়ছে। আশিস রাইয়েরও চোট রয়েছে। ডার্বিতে প্রথম একাদশে মেহতাব সিংকে রেখেই দল সাজাতে পারেন পানোস। পাশাপাশি ঘাড়ে সমস্যার কারণে মাঝপথেই অনুশীলন ছাড়েন আলবার্তো। ঝুঁকি না নিয়ে বাকি সময় ড্রেসিং-রুমেই কাটান তিনি।