মোহন বাগান- ১ : সুরুচি সঙ্ঘ- ১
(তুষার) (হাওকিপ)
মোহন বাগান- ১ : সুরুচি সঙ্ঘ- ১
(তুষার) (হাওকিপ)
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগের সুপার সিক্সের পথ আরও কঠিন হল মোহন বাগানের। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সঙ্ঘের সঙ্গে ১-১ গোলে ড্র করল ডেগি কার্ডোজোর ছেলেরা। বলা ভালো, শেষ মুহূর্তের গোলে কোনওক্রমে হার বাঁচাল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমার্ধের সংযোজিত সময়ে সেইজোসেফ হাওকিপের গোলে লিড নেয় সুরুচি। তবে ৮৬ মিনিটে মোহন বাগানকে লড়াইয়ে ফেরান তুষার বিশ্বকর্মা। এরপর ফের লিড নেওয়ার সুযোগ পেলেও, তা কাজে লাগাতে ব্যর্থ রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। পাশাপাশি একটি বল পোস্টে লাগে। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে বেশ হতাশ দেখায় সুরুচি কোচকে। তিনি বলেন, ‘মোহন বাগান জুনিয়র দলের সঙ্গে ড্র করা আমাদের কাছে হারের সমান। কলকাতার দু’টি বড় দলের বিরুদ্ধে নিশ্চিত তিন পয়েন্ট মাঠে ফেলে এলাম। তবে এখনও দল ভালো জায়গায় রয়েছে। বাকি তিনটি ম্যাচ জিতে শীর্ষে থেকেই সুপার সিক্সে যোগ্যতা অর্জন করাই লক্ষ্য।’
ঘরোয়া লিগে ডার্বি হারের পর মেসারার্সের বিরুদ্ধে দল নামায়নি মোহন বাগান। ডুরান্ড কাপের খেলা থাকায় এই সিদ্ধান্ত নেয় সবুজ-মেরুন ব্রিগেড। তবে দল বিদায় নিতেই সুরুচির বিরুদ্ধে ফের মাঠে ফেরেন লেওয়ান-পাসাংরা। তবে বৃহস্পতিবার একবারও দেখে মনে হয়নি, জয়ের কোনও তাগিদ রয়েছে তাঁদের। শুরু থেকেই ম্যাচে দাপট দেখায় সুরুচি। বেশ কিছু সুযোগ নষ্ট করলেও, প্রথমার্ধের সংযোজিত সময়ে জাল কাঁপান হাওকিপ (১-০)। দল পিছিয়ে পড়ায় বিরতির পর একের পর এক পরিবর্তনে ম্যাচে ফেরার চেষ্টা চালান বাগান কোচ। অবশেষে ৮৬ মিনিটে হার বাঁচান সুপার-সাব তুষার (১-১)।
এদিকে, চোট সারিয়ে বল পায়ে অনুশীলন শুরু করলেন মনবীর সিং। এএফসি চ্যালেঞ্জ লিগ টু’র কথা মাথায় রেখে দল নিয়ে প্রস্তুতি সারছেন কোচ হোসে মোলিনা। ডুরান্ড কাপ থেকে দল বিদায় নিয়েও ছেলেদের কোনও ছুটি দেননি স্প্যানিশ কোচ। আসলে, দেরিতে অনুশীলন শুরু করায় ফিটনেসের দিক থেকে অনেকটাই পিছিয়ে কামিংস-দিমিত্রিরা। তাই এএফসি’র লড়াইয়ে নামার আগে ছেলেদের পুরো ম্যাচ ফিট করে তোলাই লক্ষ্য বাগান কোচের।
মোহন বাগান: দীপ্রভাত, লেওয়ান, বিলাল, মার্শাল (শিবম), রোশান, সাহিল (গোগোচা), সন্দীপ, মিংমা (তুষার), টংসিন, পাসাং (আদিত্য) ও করণ (সাহিল কর)।