Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

লিগে টানা দু’টি ম্যাচ হারল মোহন বাগান, রবির দুরন্ত গোলে জয়ী ভবানীপুর

কলকাতা লিগে ঘরের মাঠে টানা দু’টি ম্যাচে হারের পর ক্ষোভে ফুঁসছে মোহন জনতা! কাস্টমসের পর শুক্রবার ভবানীপুরের কাছেও ১-২ ব্যবধানে মুখ পুড়ল মোহন বাগানের।

লিগে টানা দু’টি ম্যাচ হারল মোহন বাগান, রবির দুরন্ত গোলে জয়ী ভবানীপুর
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোহন বাগান-১    :       ভবানীপুর-২

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ধুর, বৃষ্টিতে ভিজে কেউ এদের খেলা দেখতে আসে!’— গজগজ করতে করতে মোহন বাগানের তাঁবু থেকে বেরিয়ে গেলেন এক মধ্যবয়স্ক। ‘এরা মোহন বাগান জার্সি পরার যোগ্য?’ বিড়বিড় করে তাঁর পিছু নিলেন আরও একজন।—কলকাতা লিগে ঘরের মাঠে টানা দু’টি ম্যাচে হারের পর ক্ষোভে ফুঁসছে মোহন জনতা! কাস্টমসের পর শুক্রবার ভবানীপুরের কাছেও ১-২ ব্যবধানে মুখ পুড়ল মোহন বাগানের। এ তো লজ্জাই! আর কবে টনক নড়বে কোচ বাস্তব রায়ের? মোহন বাগান জার্সির ওজনই বা আর কবে বুঝবেন দলের ‘তথাকথিত তারকা’ সুহেল ভাট, কিয়ান নাসিরিরা? বরং তাঁদের শিক্ষা নেওয়া উচিত ভবানীপুরের সাহিল হরিজন ও রবি হাঁসদার থেকে। শুক্রবার এই দুই বাঙালি স্ট্রাইকারের আগুনেই ছারখার মোহন বাগান। 
বড়ো বড়ো গাড়িতে করে অনুশীলন, ম্যাচ খেলতে আসা! তাতে ক্ষতির কিছু নেই। কিন্তু মাঠে কেন সুহেল, অভিষেক, কিয়ানরা কাগুজে বাঘ? বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো তাঁদের সুযোগ নষ্টের বাহার দেখে গ্যালারিতে সমর্থকরাই লজ্জায় মুখ ঢাকেন। শুক্রবারের খেলার ফল দেখে মনে হতেই পারে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ভুল! দাপট দেখিয়েছে ভবানীপুরই। সাহিল, কুন্তলদের অহরহ আক্রমণে একটা সময় হৃৎপিণ্ড গলায় উঠে গিয়েছিল বাগান রক্ষণের। গোলরক্ষক দীপ দুরন্ত কয়েকটি সেভ না করলে লজ্জা আরও বাড়ত। এই হারের পর লিগে টেবিলে পাঁচ নম্বরে নেমে গেল মোহন বাগান (৬ ম্যাচে ১০ পয়েন্ট)। আর মগডালে ভবানীপুর (৬ ম্যাচে ১৬)।
শুক্রবার শুরু থেকেই ছন্নছাড়া মোহন বাগান। প্রথমার্ধে বড়ো সুযোগ বলতে, ৩৫ মিনিটে কিয়ানের শট পোস্টে প্রতিহত হয়। তবে দ্বিতীয়ার্ধে সাহিলদের হাই প্রেসিং অ্যাটাকের সামনে রীতিমতো দিশাহারা সবুজ-মেরুন রক্ষণ। ৮০ মিনিটে পাখিরার পাস থেকে বল ধরে দুরন্ত শটে জাল কাঁপান সাহিল (১-০)। ফেন্সিংয়ের ওপারে দাঁড়িয়ে থাকা বাবাকে জড়িয়ে তাঁর আবেগঘন উদযাপন অনেক বাগান সমর্থকেরও মন জিতে নিয়েছে। তবে লিড দীর্ঘস্থায়ী হয়নি। ভবানীপুরের রক্ষণের ভুলে জটলা থেকে হেডে জাল কাঁপিয়ে মোহন বাগানকে সমতায় ফেরান বিভান (১-১)। কিন্তু শেষরক্ষা হয়নি। নির্ধারিত সময়ের দু’মিনিট বাকি থাকতে রবি হাঁসদার জয়সূচক গোল। প্রায় তিরিশ গজ দূর থেকে নেওয়া তাঁর গোলার মতো শট আছড়ে পড়ল জালে (২-১)। অর্থাৎ, মাঠ ফেরত মোহন জনতার সঙ্গী বেদনার বাজনা।
মোহন বাগান: দীপ, রাজ, উমের (রোহন), দীপ্যেন্দু (রবিলাল), রোশন, অভিষেক, রোহিত (বিভান), সন্দীপ, কিয়ান, সায়ন, সুহেল (গোগোচা)।

Advertisement
সম্পর্কিত সংবাদ