নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিঃশব্দে আগামী মরশুমের জন্য দল গোছাতে শুরু করেছে মোহন বাগান। ইতিমধ্যেই বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। এরইমধ্যে ফিফার ট্রান্সফার ব্যানের কোপে পড়ল আইএসএল চ্যাম্পিয়নরা। সোমবার ফেডারেশনকে ই-মেল করে সেই কথা জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এরপরই এআইএফএফ’এর তরফ থেকে তা মোহন বাগানকে পাঠানো হয়। ফলে নির্বাসন না ওঠা পর্যন্ত কোনও স্বদেশি ফুটবলার সই করাতে পারবে না মোহন বাগান। তবে এই ট্রান্সফার ব্যানের সঙ্গে ফুটবলারের বেতন বকেয়ার কোনও সম্পর্ক নেই। গোটা বিষয়টাই একটি ‘টেকনিক্যাল এরর’ হিসেবে উল্লেখ করেছে ফিফা।
২০২৩ সালে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে মোহন বাগানে সই করেন জেসন কামিংস। চুক্তি মতো অজি তারকার ট্রান্সফার ফি পুরোটাই মিটিয়ে দেয় মোহন বাগান। তবে ‘সলিডারিটি পেমেন্ট’র একটি অংশ বারবার চেষ্টা করেও দেওয়া সম্ভব হয়নি। এই অর্থ সংশ্লিষ্ট ফুটবলারের প্রাক্তন ক্লাবের অ্যাকাডেমির উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তা না মেটানোয় ট্রান্সফার ব্যানের মুখে পড়তে হল মোহন বাগানকে। ফিফার এই নির্দেশ পাওয়ার পরই অবশ্য তড়িঘড়ি সমস্যা সমাধানে নেমে পড়ে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। কয়েকদিন মধ্যেই এই ব্যান উঠে যাবে বলেই আশাবাদী মোহন বাগান সুপার জায়ান্ট কর্তারা। সূত্রের খবর, ক্ষতিপূরণ হিসেবে ১২-১৫ লক্ষ টাকা দিতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।