Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চেন্নাইকে সহজে হারাল মোহন বাগান, লিগ-শিল্ড জয়ের ঝলমলে বর্ষপূর্তি, জাল কাঁপিয়ে গ্যালারি তাতালেন দিমিত্রি

২৩ ফেব্রুয়ারি, ২০২৫। এক বছর আগে এই দিনেই ওড়িশাকে হারিয়ে আইএসএলের লিগ-শিল্ড খেতাব নিশ্চিত করেছিল মোহন বাগান। ম্যাচের সংযোজিত সময়ে জাল কাঁপিয়ে দলকে খেতাব এনে দেন দিমিত্রি পেত্রাতোস।

চেন্নাইকে সহজে হারাল মোহন বাগান, লিগ-শিল্ড জয়ের ঝলমলে বর্ষপূর্তি, জাল কাঁপিয়ে গ্যালারি তাতালেন দিমিত্রি
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোহন বাগান- ২  :  চেন্নাইয়ান এফসি- ০
(ম্যাকলারেন, দিমিত্রি)

Advertisement

সঞ্জয় সরকার, কলকাতা: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫। এক বছর আগে এই দিনেই ওড়িশাকে হারিয়ে আইএসএলের লিগ-শিল্ড খেতাব নিশ্চিত করেছিল মোহন বাগান। ম্যাচের সংযোজিত সময়ে জাল কাঁপিয়ে দলকে খেতাব এনে দেন দিমিত্রি পেত্রাতোস। গোলের পর তাঁর সেই সেলিব্রেশন প্রতিপক্ষ ডাগ-আউটে দাঁড়িয়ে হজম করতে হয়েছিল সের্গিও লোবেরাকে। ঠিক এক বছরের মাথায় ফের জাল কাঁপালেন অজি তারকা। তবে এবার ‘স্টেনগান উৎসব’ উপভোগ করলেন স্প্যানিশ কোচ। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোসের গোলে চেন্নাইয়ান এফসি’কে সহজেই বশ মানাল মোহন বাগান। সেই সুবাদে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল সের্গিও লোবেরা ব্রিগেড। ম্যাচের পর দিমি বললেন, ‘গত মরশুমের কথা মনে পড়ছে। দিনটা সত্যিই স্পেশাল। এই জয় সমর্থকদের উৎসর্গ করতে চাই।’ কোচ সের্গিও লোবেরার মন্তব্য, ‘দলের মানসিকতা বদলেছে। লিড নিয়েও ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে ফুটবলাররা।’
গ্রেগ স্টুয়ার্ট দল ছাড়ার পর থেকেই মোহন বাগানের মাঝমাঠে খেলা তৈরি করার লোকের অভাব বেশ প্রকট। পাশাপাশি মোহন বাগানের উইং-ব্যাক পজিশনে দুর্বলতা রয়েছে। সোমবার তাই প্রান্তিক আক্রমণে জোর দিয়েছিলেন চেন্নাইয়ান কোচ ক্লিফোর্ড মিরান্ডা। বিশেষত ডানপ্রান্তে অভিষেক সিংকে বারবার পরাস্ত করে বক্সে পৌঁছে যান বিপক্ষ ফুটবলাররা। মোহন বাগানের দায়িত্ব নেওয়ার পর লোবেরা খেলা তৈরির প্রধান দায়িত্ব দিয়েছেন দিমিত্রি পেত্রাতোসকে। এদিন অনেকটাই নীচ থেকে অপারেট করতে হল তাঁকে। প্রথমার্ধে উইং থেকে সেভাবে আক্রমণ না গড়ায় কিছুটা বাধ্য হয়ে বার দুয়েক দূরপাল্লার শটে প্রতিপক্ষ গোলরক্ষককে বিব্রত করার চেষ্টা করেন অনিরুদ্ধ থাপারা। এই পর্বে লিস্টনের একটি শট পোস্টে লাগে। তবে বিরতির বাঁশি বাজার আগেই ম্যাকলারেন ম্যাজিকে কাঙ্ক্ষিত গোল তুলে নেয় মোহন বাগান। মাঝমাঠ থেকে অনিরুদ্ধ থাপার অনবদ্য থ্রু পাস ধরে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করতে ভুল হয়নি তারকা অজি স্ট্রাইকারের (১-০)।
বিরতির ঠিক আগেই গোল পাওয়ায় দ্বিতীয়ার্ধে অনেক বেশি চাপমুক্ত দেখায় মোহন বাগানকে। এই পর্বে ছোটো ছোটো পাসে খেলা তৈরির চেষ্টা করেন রবসনরা। তারই ফসল ৬৬ মিনিটে দিমিত্রির দুরন্ত গোল। বাঁদিক থেকে শুভাশিসের ভাসানো সেন্টার বিপক্ষের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে পৌঁছে যায় জায়গায় থাকা দিমিত্রি পেত্রাতোসের কাছে। চলতি বলে ডান পায়ের দুরন্ত শটে জাল কাঁপান এই  অজি ফুটবলার। (২-০)। 
মোহন বাগান: বিশাল, অভিষেক, মেহতাব (মনবীর), আলবার্তো, শুভাশিস (অময়), অনিরুদ্ধ, আপুইয়া, লিস্টন (সাহাল), দিমিত্রি, রবসন (আলড্রেড) ও ম্যাকলারেন (কামিংস)।

Advertisement
সম্পর্কিত সংবাদ