নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার মহাষষ্ঠী। মা দূর্গার বোধন দিয়ে শুরু শারদোৎসব। তবে মোহন বাগানের আইএসএলে বোধন সুখের হয়নি। গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে পালতোলা নৌকা বাহিনীকে। শেষ পর্বের গোল হজমে ম্লান শিল্ড জয়ের রেশ। চিড় খাওয়া আত্মবিশ্বাস নিয়ে সেখান থেকেই দিল্লি পৌঁছেছে মোহন বাগান। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ এসসি দিল্লি। উৎসবের কলকাতায় ফেরার আগে তাই তিন পয়েন্ট খুব জরুরি। পরিস্থিতির গুরুত্ব বুঝে জেমি ম্যাকলারেনকে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে পাঠিয়েছে ম্যানেজমেন্ট। বুধবার দলের সঙ্গে অনুশীলন করলেন তিনি। তবে প্রশ্ন অজি বিশ্বকাপরকে কি দিল্লির বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন কোচ পানোস?
এদিন, সকালে হোটেলে জিম করেছেন মনবীররা। এরপর বিকেলে স্থানীয় মাঠে বল পায়ে দিল্লি বধের মহড়া সারল মোহন বাগান। ‘ম্যাকা’ দলের সঙ্গে হালকা গা ঘামালেন। কোচ পানোসের কাছে প্রস্তুতির জন্য রয়েছে আরও একদিন। বৃহস্পতিবার প্র্যাকটিসে অজি তারকার অবস্থা বুঝেই দিল্লির বিরুদ্ধে চূড়ান্ত রণকৌশল সাজাবেন গ্রিক কোচ। তবে ম্যাকলারেনকে নিয়ে অযথা ঝুঁকি নিতে নারাজ থিঙ্কট্যাঙ্ক। আসলে কুঁচকির চোট বড়ো বেয়াড়া। সামনে গোটা মরশুম পড়ে। তাই তারকা স্ট্রাইকারকে নিয়ে বাড়তি সতর্ক ম্যানেজমেন্ট। তবে শুধু ম্যাকলারেন নয়, রক্ষণও চিন্তার কারণ কোচ পাোনসের কাছে। মরশুমের শুরু থেকে সবুজ-মেরুন ডিফেন্সে দুর্বলতা স্পষ্ট। প্রি-সিজনে দু’টি টুর্নামেন্ট খেলে ফেললেও সেই খামতি পূরণ হয়নি। পাশাপাশি মিগুয়েলের ফর্মে না থাকাও মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। এদিন ব্রাজিলিয়ান মিডিওর সঙ্গে বেশ কিছুক্ষণ আলাদাভাবে কথা বলেন কোচ পানোস। কারণ ম্যাকা একান্তই মাঠে না নামতে পারলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে মিগুয়েলকে। রাজধানীর দলের বিরুদ্ধে উইং প্লে’কে হাতিয়ার করতে চাইছেন গ্রিক কোচ। সেক্ষেত্রে ছাংতে ও ড্রাজিচ বড়ো ভরসা পানোসের। দুই উইঙ্গারই রয়েছেন দারুণ ছন্দে। তার সঙ্গে মিগুয়েল ফর্মে ফিরলে পয়েন্টের খাতা খুলে উৎসব শুরু করতে পারবে মোহন বাগান।



