নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’— সের্গিও লোবেরা এই নীতিতেই বিশ্বাসী। মোহন বাগানের দায়িত্ব নিয়ে প্রতিপক্ষকে দুমড়ে দিতে চান স্প্যানিশ কোচ। রসায়নাগারে তারই ফর্মুলা তৈরিতে ব্যস্ত লোবেরা। শনিবার যুবভারতীর প্র্যাকটিস মাঠে বিধাননগর স্পোর্টস অ্যাকাডেমিকে ৮-১ গোলে হারাল পালতোলা নৌকা ব্রিগেড। হেভিওয়েট লোবেরা ব্রিগেডের সঙ্গে প্রতিপক্ষের তুলনা চলে না। তবে তাঁর প্রাপ্তি কম নয়। এদিন দ্বিতীয়ার্ধে নেমে মোহন বাগানের পক্ষে হ্যাটট্রিক করেন জেসন কামিংস। জোড়া গোল জেমি ম্যাকলারেনের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন পেত্রাতোস, লিস্টন ও সাহাল।
হোসে মোলিনার পরিবর্তে মোহন বাগানের দায়িত্ব নিয়েছেন লোবেরা। ইতিমধ্যেই ফর্মেশনে বদল স্পষ্ট। ব্রাজিলিয়ান রবসনকে লেফট উইং হাফেই খেলাচ্ছেন সবুজ-মেরুন কোচ। জায়গা বদলে লিস্টনকে ডানদিকে ব্যবহার করা হচ্ছে। লিস্টন, পেত্রাতোস ক্রমাগত শাফল করছেন। প্রতিপক্ষের চোখে ধুতরো ফুল দেখাতে পারে এই কম্বিনেশন। আলাদা করে রবসনের কথা উল্লেখ করতে হবে। ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বাসুদেব মণ্ডল। রবসনকে দেখে তাঁর ছোট্ট মন্তব্য, ‘আগের চেয়ে অনেক ঝরঝরে। এভাবে চললে শেপে আসতে সময় লাগবে না।’ পাশাপাশি রক্ষণেও বদলের ইঙ্গিত দিচ্ছেন স্প্যানিশ কোচ। মোলিনা জমানায় আশিস রাই ছিলেন অটোমেটিক চয়েস। তাঁকে রাইট উইং ব্যাকে খেলিয়ে মেহতাব সিংকে স্টপারে খেলানো হচ্ছে। অনেকেরই ধারণা, এতে আপফ্রন্টে বিদেশি কোটা বাড়ানোর পথ সুগম হবে।
এদিকে, শনিবারই ইস্ট বেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন নতুন গোলরক্ষক কোচ ফেলিক্স ডি’সুজা। পাশাপাশি হার্ড ট্রেনিংয়ে ফুটবলাররা অনেকেই ক্লান্ত। তাই জানুয়ারির শেষে সাউলদের কয়েকদিন বিশ্রাম দিতে পারেন কোচ অস্কার ব্রুজোঁ।