নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে মোহন বাগান। মোলিনা ব্রিগেডকে নিয়ে এবারও প্রত্যাশা তুঙ্গে। লিস্টন, মনবীরদের প্রথম পরীক্ষা ডুরান্ড কাপে। ঐতিহ্যশালী টুর্নামেন্টে আগামী ৩১ জুলাই মোহন বাগানের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। ম্যাচের এক সপ্তাহ আগে অনুশীলনে নেমে পড়ল মোহন বাগানের সিনিয়র দল। বৃহস্পতিবার রাজারহাটের সেন্টার ফর এক্সেলেন্সে গা ঘামায় সবুজ-মেরুন ব্রিগেড। প্রিয় ফুটবলারদের স্বাগত জানাতে হাজির বেশ কিছু সমর্থক। ফোকাসের কেন্দ্রে লেফ উইং ব্যাক অভিষেক সিং। পাঞ্জাব এফসি থেকে চার বছরের চুক্তিতে মোহন বাগানে সই করেছেন তিনি। কলকাতায় পা রেখে অভিষেকের মন্তব্য, ‘মোহন বাগানই দেশের সেরা ক্লাব। সবুজ-মেরুন জার্সিতে আইএসএলের লিগ শিল্ড ও ট্রফি জিততে চাই।’ এদিন অনুশীলনে অনুপস্থিত শুভাশস বসু ও সাহাল আব্দুল সামাদ। তবে দ্রুত স্কোয়াডে যোগ দেবেন তাঁরা। আগস্টের শুরুতে কলকাতায় আসছেন হোসে মোলিনা। আপাতত দলের ব্যাটন সহকারী কোচ বাস্তব রায়ের হাতে।



