যুবভারতীতে পাঞ্জাবকে হারিয়ে টেবিলের শীর্ষে মোহন বাগান
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোহন বাগান-২  :  পাঞ্জাব এফসি-১ 
(আরউইন, ড্রাজিচ)           (প্লানাস)

Advertisement

 সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: রেফারির শেষ বাঁশি বাজতেই ডাগ-আউটে সহকারী কোচকে জড়িয়ে ধরলেন পানাজিওটিস ডিমপেরিস। চোখেমুখে একরাশ স্বস্তি। হাঁফ ছেড়ে বাঁচলেন যুবভারতীর সমর্থকরাও। আগের দুটো ম্যাচ জিতলেও মন ভরেনি মোহন জনতার। এদিন সেই আক্ষেপ কিছুটা মিটল। পিছিয়ে পড়েও শক্তিশালী পাঞ্জাব এফসিকে ২-১ ব্যবধানে বশ মানাল মোহন বাগান। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে হাফ-ডজন গোলে জিততে পারতেন আরউইনরা। আইএসএলে জয়ের হ্যাটট্রিকে আপাতত লিগ টেবিলের মগডালে সবুজ-মেরুন ব্রিগেড। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট।
গত ম্যাচে পানোসের প্রথম একাদশ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। শনিবার যুবভারতীতে তাই সতর্কভাবেই দল নামিয়েছিলেন পানোস। আক্রমণভাগে সিঙ্গল স্ট্রাইকার আরউইনের সঙ্গে দুই উইঙ্গার মনবীর ও ড্রাজিচ। আর ফিডারের ভূমিকায় সাহাল। কিন্তু ম্যাচে থিতু হওয়ার আগেই গোল হজম করে মোহন বাগান। তৃতীয় মিনিটেই কোনসামের থেকে বল নিয়ে কাট করে ঢুকে শট আলফ্রেড প্লানাসের শট  বিশাল কাইথের হাতে লেগে জালে জড়ায় (১-০)। বিশালের কাছে যা একেবারেই অপ্রত্যাশিত। এর ১০ মিনিটের মধ্যে আরও এক ধাক্কা খায় হোম টিম। চোট পেয়ে মাঠ ছাড়েন প্লে-মেকার সাহাল। তবে পরিবর্ত হিসাবে নামা অনিরুদ্ধ থাপা হতাশ করেননি। তিনিই ম্যাচের সেরা। ১৮ মিনিটে তাঁর পাস ধরেই মোহন বাগানকে সমতা ফেরালেন লি আরউইন। বক্সের সামনে থেকে তাঁর বাঁ পায়ের জোরালো গ্রাউন্ডার পোস্টে লেগে জালে জড়ায় (১-১)। এরপর ৪২ মিনিটে লিড নেয় পানোস ব্রিগেড। আরউইনের পাস ধরে বাঁ দিক থেকে ঢুকে ড্রাজিচের ডান পায়ের দুরন্ত শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জাল খুঁজে নেয় (২-১)। বিরতির আগে বক্সের বাইরে থেকে জেলকোভিচের দূরপাল্লার শট পাঞ্জাবের গোলরক্ষক রুখলেও বিপন্মুক্ত করতে পারেননি। ফিরতি বলে আরউইনের শট ফের রুখে দেন তিনি। 
দ্বিতীয়ার্ধেও মোহন বাগানের আধিপত্য রইল। পাঞ্জাব এফসি’র প্রাক্তন কোচ পানোস। তাই বিপক্ষ টিম কিছুটা হলেও তাঁর চেনা। অন্যদিকে পাঞ্জাবের বর্তমান কোচ পাভলোস অতীতে পানোসের মেন্টর ছিলেন। শনিবারের লড়াইয়ে টেক্কা দিলেন শিষ্যই। ক্যামেরুনের স্ট্রাইকার মেসি বৌলিকে সেভাবে বিপজ্জনক হতে দেননি আলবার্তোরা। অন্যদিকে, ৭৫ মিনিটে লি আরউইন ক্ষমার অযোগ্য মিস না করলে লজ্জা বাড়ত পাঞ্জাবের। পরিবর্ত হিসাবে নামা লিস্টন রীতিমতো তাঁকে বল সাজিয়ে দিয়েছিলেন। প্রশংসা করতে হবে গোয়ানিজ উইং হাফের। লিস্টন নামার পরেই ঝলমল করল সবুজ-মেরুন ব্রিগেড। ৮০ মিনিটের পর তো গোল মিসের প্রদর্শনী মনবীর, লিস্টনদের। মধুর জয়েও যা কাঁটা হয়ে রইল। রোজ রোজ এত সুযোগ আসবে না। এদিন ৩ পয়েন্ট পেলেও গোলপার্থক্য বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করল মোহন বাগান।
মোহন বাগান: কাইথ, অভিষেক, রাহুল, আলবার্তো, শুভাশিস, টাংরি, জেলকোভিচ, সাহাল (থাপা), মনবীর, ড্রাজিচ (লিস্টন) এবং আরউইন (ছাংতে)।