নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের কাছে চূর্ণ হয়েছে মোহন বাগান। তাই রাতারাতি ঘরোয়া লিগের গুরুত্ব বেড়ে গিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্টের কাছে। এমন আবহে বুধবার কলকাতা লিগে ঘরের মাঠে নামছে পালতোলা নৌকা বাহিনী। প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। কোচের দায়িত্বে আবার বাগান জনতার নয়নের মণি হোসে রামিরেজ ব্যারেটো। তাই সম্মানরক্ষার তাগিদে ডার্বি হারের ধাক্কা ভুলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য মোহন বাগানের। উল্লেখ্য, দু’টি ম্যাচ হারের পর বিধাননগরের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল পালতোলা নৌকা ব্রিগেড।
ইতিমধ্যেই ৭টি ম্যাচ খেলে ফেলেছে বাস্তব রায়ের দল। তবে বিশেষ সুবিধাজনক অবস্থায় নেই সবুজ-মেরুন ব্রিগেড। ৪টি জয়, ১টি ড্র ও ২টি হারের সুবাদে তাদের পয়েন্ট ১৩। লিগ টেবিলে অবস্থান পঞ্চম স্থানে। এখানেও এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এদিকে, সুপার সিক্সে খেলতে হলে গ্রুপের তৃতীয় দল হিসাবে অন্তত যোগ্যতা অর্জন করতেই হবে মোহন বাগানকে। তাই শুধু জর্জ টেলিগ্রাফ নয়, বাকি ম্যাচগুলিতেও জিততে মরিয়া সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। ব্যারেটোর দলের বিরুদ্ধে ফের দীপক টাংরি, অ্যালেক্স সাজিদের মাঠে নামতে দেখা যেতে পারে। সঙ্গে সায়ন ব্যানার্জি, সুহেল ভাটরা তো রয়েছেন।
এদিকে, জর্জের অবস্থাও খুব ভালো নয়। ৮ ম্যাচে তাদের ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট। টানা চারটি হারের পর শেষ ম্যাচে জয়ের মুখ দেখেছে ব্যারেটো ব্রিগেড। অবনমনের আওতা থেকে বেরতে তাই তারাও ৩ পয়েন্ট তুলে নিতে মরিয়া। মঙ্গলবার ব্যারেটো বলেন, ‘শুরুতে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে এখন দল তৈরি। মোহন বাগানের বিরুদ্ধে লড়াই হবে।’
দিনের অপর ম্যাচে বারাকপুর স্টেডিয়ামে নামবে গ্রুপ-এ’র শীর্ষে থাকা ভবানীপুর এফসি। তাদের প্রতিপক্ষ গ্রুপের ‘লাস্ট বয়’ বিধাননগর স্পোর্টস অ্যাকাডেমি। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে রঞ্জন চৌধুরি ব্রিগেড। ৯ ম্যাচে তাদের ঝুলিতে ২১ পয়েন্ট। এদিন কোচ রঞ্জন বলেন, ‘প্রতিপক্ষ লড়াকু ফুটবল খেলে। তাই আত্মতুষ্টির কোন জায়গা নেই। আমরা ৩ পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামব।’
মোহন বাগান মাঠে ম্যাচ শুরু বিকাল তিনটেয়। সরাসরি সম্প্রচার স্পোর্টস টেন অ্যাপে।