নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপ ডার্বিতে ১-৪ ব্যবধানে হারের ঘা এখনও দগদগে মোহন বাগানে। হেভিওয়েট দল নিয়েও চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বিধ্বস্ত হতে হয়েছে পানাজিওটিস-ব্রিগেডকে। সেই রেশ কাটার আগেই আরও একটা ডার্বি। আগামী সোমবার বারাসতে কলকাতা লিগের বড়ো ম্যাচে মুখোমুখি দুই প্রধান। ডুরান্ডে হারের ক্ষত মেটাতে মরিয়া মোহন বাগান। তাই লিগের ম্যাচে লিস্টন, রাহুল ভেকে, মেহতাব সিংদের রেজিস্ট্রেশন করিয়েছে ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই সুপার সিক্সে পা রেখেছে দুই দল। তবু মর্যাদার মহারণে মেজাজই আলাদা।
ঘরোয়া ফুটবলের নিয়ম অনুযায়ী প্রথম একাদশে ছ’জন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক। সেখানে দীপ্রভাত, শুভাশিস, কিয়ান, সন্দীপ মালিক, সায়ন ব্যানার্জি, রাজ বাসফোরদের খেলার সম্ভাবনা। বাকি ৫টি জায়গায় কাদের নামানো হবে? রক্ষণভাগে মেহতাব-রাহুল ভেকে জুটিও দেখা যেতে পারে। তবে বিশাল কাইথের হালকা চোট আছে। ছাংতেরও খেলার সম্ভাবনা কম। বাকি হেভিওয়েট টিম নিয়েই চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর নীল নকশা বানাচ্ছেন কোচ বাস্তব রায়। শুক্রবার বিকেলে প্রথম একাদশ বেছে নিতে পারেন তিনি। সবমিলিয়ে পারদ চড়ছে গঙ্গাপাড়ের ক্লাবে। মোহন বাগান সভাপতি দেবাশিস দত্তের কথায়, ‘ডার্বিই ভারতীয় ফুটবলের সেরা বিজ্ঞাপন। এর গুরুত্ব আলাদা করে কোনো ফুটবলারকে বোঝানোর প্রয়োজন নেই। এই ম্যাচে সেরাটা মেলে ধরতে প্রস্তুত প্রত্যেকে।’ সূত্রের খবর, সুপার সিক্সেও সিনিয়র ফুটবলারদের ব্যবহারের ভাবনা রয়েছে টিম-ম্যানেজমেন্টের। লিগ ঘরে তুলতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক।
এদিকে, ২১ অক্টোবর থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে শিল্ড আয়োজনের উইন্ডো পেয়েছে আইএফএ। ইতিমধ্যেই মোহন বাগান ক্লাব চিঠি দিয়ে জানিয়েছে, যদি কোনো কারণে ৬ অক্টোবরের পর শিল্ড ফাইনাল আয়োজন করা হয়, তবে সবুজ-মেরুন ব্রিগেড খেলবে না।