নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাউথ গোয়ার উতোরদা স্পোর্টস কমপ্লেক্স। চারিদিকে সবুজ গাছ আর ছোট ছোট বাড়িতে ঘেরা মাঠ। সুপার কাপে এটাই মোহন বাগানের প্রস্তুতির মঞ্চ। গত কয়েকদিন এই মাঠেই প্রস্তুতি সারছেন কামিংস-ম্যাকলারেনরা। তবে মাঠ নিয়ে খুব একটা সন্তুষ্ট নন কোচ হোসে মোলিনা। রবিবার প্রবল বৃষ্টির মধ্যে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন দীপক টাংরি। সঙ্গেসঙ্গেই প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলেন বাগান কোচ। সোমবার অবশ্য দল নিয়ে পুরোদমে প্রস্তুতি সারলেন তিনি। সুপার কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ডেম্পোর মুখোমুখি হবেন জেসন কামিংসরা।
চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে সহজ জয় দিয়ে টুর্নামেন্টের অভিযান শুরু করেছে মোহন বাগান। ভারতীয় ফুটবলে প্রায় সব ট্রফি রয়েছে গঙ্গাপাড়ের ক্লাবটির ক্যাবিনেটে। তবে সুপার কাপ এখনও অধরা। তাই এবার খেতাব জয়ের লক্ষ্য নিয়েই গোয়া পা রাখেন কোচ হোসে মোলিনা। ইতিমধ্যেই আইএফএ শিল্ড ঘরে তুলেছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার সুপার কাপে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য তাদের। তার জন্য মঙ্গলবার ডেম্পোকে হারিয়ে শেষ চারের পথে এক পা বাড়িয়ে রাখতে চান বাগান কোচ। তাঁর কথায়, ‘ট্রফি জয় সবসময় দলকে এগিয়ে যেতে সাহায্য করে। তার উপর চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে খেতাব পাওয়া অবশ্যই স্পেশাল। তবে সুপার কাপ নতুন টুর্নামেন্ট। দলের প্রত্যেকে সেরাটা মেলে ধরতে মরিয়া। বেশি দূরের কথা না ভেবে ম্যাচ প্রতি আমাদের এগতে হবে।’
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলকে রুখে চমক দিয়েছে বিদেশিহীন ডেম্পো। তাই গোয়ার ক্লাবটিকে মোটেই হাল্কাভাবে নিতে নারাজ সবুজ-মেরুন স্প্যানিশ কোচ। তাই আত্মতুষ্টি ভুলে জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য মোলিনার। কারণ গ্রুপের শেষ ম্যাচেই মর্যাদার ডার্বি। তার আগে কোনও খারাপ ফল মানেই চাপ মাথায় চেপে বসবে। মোলিনার সংযোজন, ‘কোনও প্রতিপক্ষই সহজ নয়। তাছাড়া ডেম্পো প্রথম ম্যাচে দারুণ ফুটবল খেলেছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। কোনওরকম আত্মতুষ্টির কোনও জায়গা নেই।’
মাত্র দু’দিন অন্তর ম্যাচ খেলতে হচ্ছে সুপার কাপে। তাই ফুটবলারদের বিশ্রামের কথা মাথায় রেখে গত ম্যাচে তিন বিদেশিতে দল সাজিয়েছিলেন মোলিনা। পরিবর্ত হিসেবে কামিংস মাঠে নামলেও, দিমিত্রি ও রবসনকে ব্যবহার করেননি তিনি। আসলে বাকি ফুটবলারদের চেয়ে ফিটনেসের দিক থেকে কিছুটা হলেও পিছিয়ে এই দুই ফুটবলার। তাই ডার্বির কথা মাথায় রেখে ডেম্পোর বিরুদ্ধে তাঁদের দেখে নিতে চাইবেন কোচ মোলিনা। এছাড়া চেন্নাইয়ান ম্যাচে খেলা ফুটবলাররা হাল্কা ট্রেনিং করালেন। তবে বাকিরা পুরোদমে অনুশীলন করলেন। যেখানে মূলত কম্বিনেশনের উপর জোর দিলেন কোচ মোলিনা। গত ম্যাচে জোড়া গোলে ভরসা জুগিয়েছেন ম্যাকলারেন। অজি তারকা ছন্দে ফেরায় স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ক্লিনশিট রেখেই মাঠ ছেড়েছেন আলবার্তোরা। ডেম্পোর বিরুদ্ধেও রক্ষণে জমাট রাখাই লক্ষ্য সবুজ-মেরুনের স্প্যানিশ কোচের।
দীর্ঘ সময় বাদে ভারতীয় ফুটবলের মূল স্রোতে ফিরেই চমক দিয়েছে ডেম্পো। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলকে রুখে দেয় সমীর নায়েকের ছেলেরা। তবে এবার লড়াইটা আরও কঠিন। মোহন বাগানকে যথেষ্ট সমীহ করছেন ডেম্পো কোচ। তবে একইসঙ্গে জানিয়ে দিলেন, তাঁর ছেলেরা সেরাটা মেলে ধরার জন্য তৈরি।



