শ্রীভূমি-১ : মহমেডান-৩
শ্রীভূমি-১ : মহমেডান-৩
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে টানা দু’টি ম্যাচ জিতল মহমেডান স্পোর্টিং। বৃহস্পতিবার বারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি এফসি’কে ৩-১ গোলে বশ মানায় মেহরাজউদ্দিন ওয়াডুর দল। ১৮ মিনিটে শিবা মান্ডির গোলে লিড নেয় সাদা-কালো ব্রিগেড। তবে পরের মিনিটেই শ্রীভূমিকে সমতায় ফেরান অরিত্র ঘোষ। এরপর বেশ কিছু সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে ব্যর্থ সাদা-কালোর আপফ্রন্ট। দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়ায় মেহরাজের দল। লালথাকিমা ও অ্যাডিসনের লক্ষ্যভেদে ৩ পয়েন্ট সুনিশ্চিত করে মহমেডান। এই অ্যাডিসন ডুরান্ড কাপেও বেশ নজর টেনেছিলেন। ঘরোয়া লিগে আপাতত ৭ পয়েন্ট রেড রোডের পাশের ক্লাবের। ডুরান্ড কাপে বিএসএফকে পরাস্ত করার পর ক্রমশই ঘুরে দাঁড়াচ্ছে মেহরাজের দল। আসলে ট্রান্সফার ব্যান চলায় কোনও নতুন ফুটবলার নথিভুক্ত করা সম্ভব নয়। তাই লিগে রীতিমতো কঠিন অবস্থায় পড়েছিল সাদা-কালো ব্রিগেড। টানা হারের পর আতঙ্কিত ছিলেন সমর্থকরা। আপাতত পরপর দুটি ম্যাচ জেতায় কিছুটা স্বস্তিতে তারা। ধঘরোয়া লিগে মহমেডান স্পোর্টিংয়ের পরের প্রতিপক্ষ উয়াড়ি। ধারাবাহিকতা বজায় রাখতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এদিন দুরন্ত জয়ের পর কোচ মেহরাজের মন্তব্য, ‘ছেলেদের উপর ভরসা ছিল। তার মর্যাদা রেখেছে ফুটবলাররা। লিগ টেবিলে আরও এগিয়ে চলাই লক্ষ্য।’
এদিকে, নৈহাটিতে সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারায় ইউনাইটেড স্পোর্টস। দুই গোলদাতা যথাক্রমে সুজল মুন্ডা ও শ্রীনাথ। লিগ টেবিলে সাদার্ন ভালো জায়গায় নেই সুজাতা করের সাদার্ন সমিতি। পাশাপাশি, কল্যাণীতে ইউনাইটেড কলকাতাকে ২-১ গোল বশ মানায় ভবানীপুর। জয়ী দলের হয়ে জোজো ও সান্তোই জাল কাঁপান। অন্যদিকে ইউনাইটেড কলকাতার একমাত্র গোলদাতা অমিত টুডু। পাশাপাশি বৃহস্পতিবার আইএফএ’র গর্ভনিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোহন বাগানের কোনও প্রতিনিধি নেই।