নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমস্যার শেষ নেই মহমেডান স্পোর্টিংয়ে। আই লিগ শুরুর ৪ দিন আগেও অনুশীলন বন্ধ রেড রোডের পাশের ক্লাবে। ৩১ অক্টোবর লিগ অভিযান শুরু করছে সাদা-কালো ব্রিগেড। কল্যাণীতে মহমেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ শিলং লাজং এফসি। কিন্তু খেলবেন কারা? তা নিয়েই চরম ধোঁয়াশা। অধিকাংশ ফুটবলারের ২ মাসের বেতন বাকি। কর্তাদের প্রতিশ্রুতিতে চিঁড়ে ভিজছে না। সোমবার অনুশীলন হওয়ার কথা থাকলেও কেউই আসেননি। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে ক্লাব তাঁবুতে ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসার কথা ম্যানেজমেন্টের। শোনা যাচ্ছে, নগদে কিছু টাকা মেটানোর ব্যবস্থা হচ্ছে। অন্তত বাবা-বাছা করে ফুটবলারদের শান্ত করাই লক্ষ্য। কিন্তু তিন দিনের প্র্যাকটিসে ম্যাচ খেলা সম্ভব? কর্তাদের যুক্তি, সবাই খেপ খেলছেন। তাই কোনও অসুবিধা হবে না।
গত মরশুমে আইএসএল থেকে অবনমন হয়েছে মহমেডানের। নতুন কমিটি দায়িত্ব নিলেও ট্রান্সফার ব্যান এখনও ওঠেনি। ১ জানুয়ারির আগে বিদেশি ফুটবলার খেলানোতেও নিষেধাজ্ঞা। বিদেশি কোচ যখন দায়িত্ব নেবেন বেশ কয়েকটা ম্যাচ হয়ে যাবে। তার উপর আর্থিক সংকট চরমে। কোনওরকম জোড়াতালি দিয়ে দল নামাতে পারলে বাঁচে টিম ম্যানেজমেন্ট।



