নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিফার ট্রান্সফার ব্যানের জেরে নতুন কোনও ফুটবলার সই করাতে পারেনি মহমেডান স্পোর্টিং। তার উপর ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে দ্বন্দ্বের জেরে মরশুমের শুরুতেই ঘোর অন্ধকারে রেড রোডের ক্লাবটি। ঘরোয়া লিগের প্রথম ছ’ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারের মুখ দেখেছে তারা। একটি ড্র। ডুরান্ড কাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় সাদা-কালো ব্রিগেড। তবে সেই ধাক্কা সামলে ঘরোয়া লিগের গত দু’ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় মেহরাজউদ্দিনের ছেলেরা। প্রথমে সাদার্ন সমিতি, তারপর শ্রীভূমি এফসি’কে বশ মানায় সাদা-কালো ব্রিগেড। সোমবার নৈহাটি স্টেডিয়ামে উয়াড়িকে হারিয়ে হ্যাটট্রিকের হাতছানি সজল বাগ, শিবা মান্ডিদের সামনে। উল্লেখ্য, ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ বি’তে নবম স্থানে রয়েছে মহমেডান। আর সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের নিরিখে একধাপ পিছিয়ে উয়াড়ি। তাই সোমবার ছন্দ বজায় রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী সাদা-কালো কোচ মেহরাজউদ্দিন। তিনি বলেন, ‘শেষ দু’ম্যাচে জয় অবশ্যই দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে আমরা এখনও লিগ টেবিলের এমন জায়গায় রয়েছি, যেখান থেকে অবনমন বাঁচানোই হবে প্রধান লক্ষ্য। সেই কারণেই সোমবারের ম্যাচেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে।’



