নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই লড়াই যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, শেষবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই মুহূর্তে শীর্ষে রয়েছে প্রোটিয়ারা। পক্ষান্তরে ভারত তৃতীয় স্থানে। তাই এই সিরিজের ফলের উপর অনেক কিছু নির্ভর করবে। ডব্লুটিসি’র নতুন মরশুমে দুরন্ত ছন্দ মেলে ধরেছে টিম ইন্ডিয়া। প্রথম সিরিজে ইংল্যান্ডের মাটিতে পিছিয়ে পড়েও ড্র। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে শাসন করেছেন শুভমান গিলরা। দু’টি সিরিজেই বল হাতে আগুনে ফর্মে ছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। এবার সেই ধারাবাহিকতা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বজায় রাখতে মরিয়া তিনি। মঙ্গলবার ভারতীয় পেসার বলেন, ‘ঘরের মাঠে খেলা। তাই সেরাটা উজাড় করে দিতে তৈরি। সিরিজ জিতে টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি করাই লক্ষ্য আমাদের।’



