Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রেল-মেট্রোর দেওয়ালেও এবার মোদির ‘আত্মপ্রচার’

বিধানসভা ভোটের আগে ‘আত্মপ্রচার’-এর নয়া ক্ষেত্র হিসেবে এবার রাজ্যের রেল ও মেট্রো স্টেশনগুলিকে বেছে নেবে কেন্দ্রের শাসক দল বিজেপি।

রেল-মেট্রোর দেওয়ালেও এবার মোদির ‘আত্মপ্রচার’
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের আগে ‘আত্মপ্রচার’-এর নয়া ক্ষেত্র হিসেবে এবার রাজ্যের রেল ও মেট্রো স্টেশনগুলিকে বেছে নেবে কেন্দ্রের শাসক দল বিজেপি। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বাজ্যের মসনদ দখলেই লড়াইয়ে অভিনব এই কৌশল নিতে চলেছে। প্রতিদিন ট্রেন ও মেট্রোতে কোটি কোটি যাত্রী চলাচল করেন। স্টেশনে স্টেশনে কেন্দ্রীয় জনমুখী প্রকল্পকে তুলে ধরতে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর প্রচার করা হবে। যার কেন্দ্রবিন্দুতে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পাশে বড় হরফে লেখা থাকবে বিজেপি সরকারের গত ১১ বছরের বিবিধ জনমুখী প্রকল্প ও সুবিধাভোগীর সংখ্যা। পাশাপাশি জ্বলজ্বল করবে গুচ্ছ সরকারি তথ্য। 

Advertisement

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে দেশজুড়ে বিভিন্ন মেট্রো স্টেশনে ‘থ্রি-ডি সেলফি বুথ’ বানানো হয়েছিল। যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্ণাবয়াব ছবি ছিল। মোদি সরকারের ইতিবাচক দিক প্রচারে এই ‘বিপণন বুথ’ ছিল মূল আকর্ষণের কেন্দ্রে। পাশে রা‌জ্য ভেদে স্থানীয় ভাষায় বড় হরফে লেখা ছিল বিজেপি সরকারের এক দশকের বিবিধ জনমুখী প্রকল্প ও সুবিধাভোগীর সংখ্যা।  শিয়ালদহ মেট্রো স্টেশনে তেমনই তৈরি হয়েছিল ‘থ্রি-ডি সেফলি বুথ’। যার মূল থিম ছিল –‘হর ঘর নল সে জল’। যেখানে প্রধানমন্ত্রীর ছবির পাশে ছিল বিশালাকার একটি ট্যাপ কল। তার নীচে রয়েছে বড় আকারের মাটির হাঁড়ি। পাশাপাশি তাতে জ্বলজ্বল করছে সরকারি তথ্য। যার নির্যাস মোদি সরকার দেশের ১৩ কোটি বাড়িতে নলের মাধ্যমে পানীয় জলের সংযোগ পৌঁছে দিয়েছে। সামগ্রিক ব্যবস্থা ও আয়োজন দেখে মনে হবে ‘থ্রি-ডি প্রধানমন্ত্রী’ দাঁড়িয়ে বলছেন, ‘ঘরে ঘরে জল দিয়েছি আমিই’। অনেকেই যাকে প্রধানমন্ত্রীর আত্মপ্রচার হিসেবে মনে করছেন। 
সমসাময়িক স্যোশাল মিডিয়ার যুগে সমস্ত বয়সের মানুষের মধ্যে সেলফির তোলার ঝোঁক প্রবলভাবে বাড়ছে। শিয়ালদহ মেট্রো স্টেশনের ঢোকা-বেরনোর পথে সুজজ্জিত ও আকর্ষণীয় এই ‘থ্রি-ডি সেফলি বুথ’ সহজেই চোখে পড়ছিল যাত্রীদের। ‘থ্রি-ডি প্রধানমন্ত্রীর’ পাশে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক পড়ে গিয়েছিল। ছবি তুলেই নিমিষে তা পোস্ট হচ্ছে একাধিক সামাজিক মাধ্যমে। মুহূর্তে তাতে লাইক-কমেন্ট করছেন হাজার হাজার মানুষ। সবমিলিয়ে কার্যত বিনা পয়সায় প্রধানমন্ত্রী নিজের আত্মপ্রচার সহজেই সেরে ফেলছেন। এ প্রসঙ্গে রেলের এক শীর্ষ কর্তা বলেন, বিভিন্ন মেট্রো স্টেশনে এই ধরনের ‘থ্রি-ডি সেলফি বুথ’ তৈরি হবে। কেন্দ্রীয় প্রকল্পগুলির বিজ্ঞাপনের আড়ালে ভোটের মরশুমে এই প্রচারে সমতা আনা হবে। রেলকে আসন্ন নির্বাচনে মোদি সরকারের অন্যতম সাফল্যের ক্ষেত্র হিসেবে তুলে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বন্দে ভারত ট্রেন, অমৃত ভারত স্টেশন, বিশ্বের সবচেয়ে উঁচু চেনাব ব্রিজ সহ একাধিক বিষয় প্রধানমন্ত্রীর ভোট প্রচারের অন্যতম ‘মুখ’ হতে চলেছে। তাই বুথমুখী ভোটারদের কাছে পৌঁছাতে রেল ও মেট্রো স্টেশনগুলি এবার নয়া সাজে সেজে উঠতে চলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ