নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন সকাল ৮টায় রেড রোডের অনুষ্ঠানে থাকবেন মোদি। ২০ জুন তিনি শহরে আসবেন। অনুষ্ঠান সফল করাতে মঙ্গলবার নবান্ন সভাঘরে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখভাই মাণ্ডব্য ও আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব ছিলেন। মুখ্যসচিব মনোজ আগরওয়াল সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সরকারি সংস্থার শীর্ষ আধিকারিকরা ছাড়াও রেল, সেনাবাহিনী, বিমানবন্দর ও বন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের আধিকারিকদের বৈঠকে ডাকা হয়। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলিও যাতে যোগ দিবস সফল করতে উদ্যোগী হয় তার জন্য এই বৈঠক।



