৩০ অক্টোবর ‘পিএম কিষান’-এর টাকা দেবেন মোদি, রাজ্যে সম্প্রচারের নির্দেশ
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩০ অক্টোবর গুজরাত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘পিএম কিষান’ প্রকল্পে কৃষকদের আর্থিক অনুদান দেবেন। এই উপলক্ষ্যে পশ্চিমবঙ্গজুড়ে বিশেষ কর্মসূচি নিচ্ছে রাজ্য কৃষিদপ্তর। কৃষি অধিকর্তার তরফে সব জেলার প্রধান কৃষি আধিকারিককে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে।  রাজ্যে এখন প্রায় সাড়ে ৩৮ লক্ষ কৃষক ‘পি এম কিষান’ প্রকল্পের আওতায় আছেন। এই প্রকল্পে বছরে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। ৩০ অক্টোবর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাঠানো হবে। এর আগে ২০ জুন হুগলির তারকেশ্বরে  একটি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ২ হাজার টাকার একটি  কিস্তি দিয়েছিলেন দেশের কৃষকদের। 

Advertisement

রাজ্য কৃষিদপ্তর থেকে পাঠানো নির্দেশিকাতে জেলার কৃষি আধিকারিকদের বলা হয়েছে, ৩০ অক্টোবর জেলা, ব্লক ও স্থানীয় পর্যায়ে পালন করতে হবে ‘পিএম কিষান উৎসব দিবস’। গুজরাতের বাঁশকান্ঠাতে প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানে যোগ দেবেন, তারই সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানগুলিতে কৃষকদের যতটা বেশি সম্ভব অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। কৃষি ও কৃষকের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকেও (প্যাক, এফপিও প্রভৃতি) এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়কদের অনুষ্ঠানগুলিতে আমন্ত্রণ জানাতে হবে। অনুষ্ঠানের ভিডিয়ো ও স্থিরচিত্র বিশেষ একটি অ্যাপে আপলোড করতে হবে। এর পাশাপাশি, প্রতি ব্লকে আরও বেশি সংখ্যক কৃষককে ‘পি এম কিষান’ প্রকল্গের আওতায় নাম নথিভুক্ত করার উদ্যোগ নিতে বলা হয়েছে। আবেদন যাচাই, বায়োমেট্রিক ই-কেওয়া‌ই‌঩সি, মোবা‌‌ইল নম্বর আপলোড করতে হবে। কৃষিদপ্তর মনে করছে, রাজ্যে আরও কৃষককে এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আনার সুযোগ আছে। এই প্রকল্পের আওতায় থাকা রাজ্যের কৃষকদের রাজ্য সরকারের তরফে বছরে অতিরিক্ত ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। ফলে তাঁরা বছরে মোট ৯ হাজার টাকা পাবেন।
তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্য সরকারের ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ১ কোটি কৃষকের নাম নথিভুক্ত হয়। ‘পিএম কিষান’ প্রকল্পে কিছু বিধিনিষেধ থাকার জন্য  সব কৃষককে এর আওতায় আনা সম্ভব নয়। যেমন সরকারি কর্মী বা পেনশন প্রাপক, আয়করদাতা  সহ কিছু শ্রেণি এই প্রকল্পের সুবিধা পান না। নিজস্ব জমি থাকলে তবেই ‘পি এম কিষান’ প্রকল্পের আওতায় আসা যায়। ফলে বর্গাদার, ভাগচাষিদের এই প্রকল্পের সুবিধা দেওয়া যায় না। এই পরিস্থিতিতে রা‌জ্য সরকার এখন ‘নতুন কৃষকবন্ধু’ প্রকল্পে নাম তুলছে কৃষকদের। তাঁদের জমির পরিমাণ অনুযায়ী বছরে ৪ হাজার বা ৬ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। এখনও পর্যন্ত ৪০ লক্ষেরও বেশি কৃষককে ‘নতুন কৃষকবন্ধু’ প্রকল্পের আওতায় আনা হয়েছে।