নয়াদিল্লি: আত্মনির্ভর ভারত। ভোকাল ফর লোকাল মন্ত্রে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে। রবিবার ১২৫তম রেডিও অনুষ্ঠান ‘মন কি বাতে’ স্বদেশী পণ্য ব্যবহারের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘উৎসবের মরশুমে উপহার হোক স্বদেশী। পোশাক থেকে তাঁতের তৈরি বস্ত্র, এমনকী ঘর সাজানোর জিনিসপত্রেও থাকুক দেশীয় পণ্যের ছোঁয়া। জীবনযাত্রায় স্বদেশিয়ানা হল প্রকৃত দেশপ্রেম।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। দেশের উন্নয়নে যাতে তার প্রভাব না পড়ে, সেজন্য দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, গণেশ চতুর্থী থেকে দীপাবলির উৎসব হয়ে উঠুক স্বদেশী। মেঘভাঙা বৃষ্টি হড়পা বান থেকে ভূমিধস। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীর। প্রাণ গিয়েছে বহু মানুষের। সেকথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত কয়েক সপ্তাহ প্রকৃতির রুদ্ররূপ প্রত্যক্ষ করেছি। বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টি এ জলের স্রোতে ভেসে গিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও সেতু। চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে। চরম সঙ্কটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের। এসময় তাঁদের পাশে দাঁড়িয়েছে নিরাপত্তা বাহিনী ও জাতীয়-রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দুর্যোগ কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় উঠে এসেছে দুর্যোগ উপেক্ষা করে ডাল লেকে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল এবং পুলওয়ামায় দিনরাতের ক্রিকেট ম্যাচের প্রসঙ্গও। প্রতিযোগীয় জম্মু ও কাশ্মীরের স্বর্ণপদকজয়ী মহসিন আলি ও ওড়িশার রশ্মিতা সাহুর কথাও তুলে ধরেন তিনি। এছাড়া ইউপিএসসিতে অল্পের জন্য অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য বিশেষ ডিজিটাল প্ল্যার্টফর্ম ‘প্রতিভা সেতু’র প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।



