পিংলার পটচিত্র দেখে মোদির মুখে হাসি, আপ্লুত শিল্পীরা
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: গুজরাতের ভারত পরব উৎসবে বাংলার পটশিল্পের কাজ দেখে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পটচিত্রের কাজ ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রীর মুখে হাসি ফুটে উঠতে দেখে আপ্লুত হয়ে পড়েন পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রামের পটশিল্পীরা। প্রধানমন্ত্রীর সামনে নিজেদের শিল্পকর্ম তুলে ধরার সুযোগ পেয়ে তাঁরা গর্বিত। তবে প্রধানমন্ত্রীর প্রশংসা ও উৎসবের উন্মাদনা থাকলেও বিক্রির ক্ষেত্রে খুব বেশি সাড়া মিলছে না বলে জানাচ্ছেন শিল্পীরা। জানা গিয়েছে, গত ৩০ অক্টোবর থেকে গুজরাতের একতা নগরে শুরু হয়েছে ভারত পরব। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। দেশের ২৮ রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ থেকেও পটশিল্পের পাশাপাশি কাঁথা স্টিচ ও গালা শিল্পের সম্ভার নিয়ে হাজির হয়েছেন শিল্পীরা। সম্প্রতি সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তিনি এই রাজ্যের স্টল পরিদর্শন করেন। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিংলার নয়াগ্রামে প্রায় ১৩৬ পরিবারে বসবাস করেন প্রায় ৩০০ পটশিল্পী। এবছর দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিলেন তাঁরা। কলকাতার বিভিন্ন রাস্তায় পসরা সাজিয়ে বসেছিলেন পটশিল্পীরা। ঠাকুর দেখতে বেরিয়ে বহু মানুষ তাঁদের শিল্পকর্ম কিনে নিয়ে গিয়েছিলেন। পাশাপাশি কয়েকজন শিল্পী দিল্লি, মুম্বই সহ দেশের বিভিন্ন প্রান্তেও নিজেদের শিল্পকর্ম নিয়ে পাড়ি দিয়েছিলেন। সেই মতো গুজরাতের ভারত পরবে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন নয়াগ্রামের পটশিল্পী মুস্তফা চিত্রকর ও সোনিয়া চিত্রকর। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে থেকে দেখার অভিজ্ঞতাই একেবারে আলাদা। উনি আমাদের পটের কাজ অত্যন্ত মন দিয়ে দেখেছেন। ওঁর মুখের হাসি দেখে আমরা মুগ্ধ হয়েছি। এই অভিজ্ঞতা আমাদের কাছে সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে। বিক্রি মোটামুটি হচ্ছে। আগামী কয়েকদিনে বিক্রি বাড়তে বলে মনে করছি। প্রসঙ্গত, মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত পিংলার নয়াগ্রাম পটশিল্পের জন্য দেশজুড়ে পরিচিতি লাভ করেছে। কয়েকশো বছরের ঐতিহ্য বহন করে চলেছে এই গ্রামের শিল্পীরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে রামায়ণ, মহাভারত, চণ্ডীমঙ্গল থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর কাহিনি ও পৌরাণিক আখ্যান পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছেন তাঁরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী এই শিল্পকে দেশ-বিদেশের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নয়াগ্রামের শিল্পীরা। পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা অসীম মান্না বলেন, আমাদের ব্লকের পট শিল্পের কাজ দেশে বিদেশে নাম করেছে। তবে আরও উন্নত পরিকাঠামো পেলে এই শিল্প বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে যাবে।