নয়াদিল্লি: অযোধ্যার রাম মন্দিরের প্রণামি চুরিতে জড়িতদের আড়াল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার এমনই অভিযোগ করল কংগ্রেস। হাত শিবিরের দাবি, রাম মন্দির ট্রাস্ট মানুষের বিশ্বাস ভেঙেছে। এদিন এক্স হ্যান্ডলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লিখেছেন, ‘রাম মন্দির ট্রাস্টের পদাধিকারীরা বিজেপি, আরএসএস ও ভিএইচপির সঙ্গে যুক্ত এবং তাঁদের স্বয়ং প্রধানমন্ত্রী নিজে মনোনীত করেছেন। এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী—এই ত্রয়ী মিলে প্রণামি চুরিতে জড়িতদের আড়াল করতে এবং তাদের অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।’
একটি সংবাদপত্রের প্রতিবেদন উল্লেখ করে জয়রাম জানিয়েছেন, ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই দায়িত্ব নেওয়ার আগে শিরডির সাইবাবা ও তিরুপতির বালাজি মন্দিরের প্রণামি নেওয়ার ব্যবস্থা খতিয়ে দেখেছিলেন। তাহলে কেন অযোধ্যার রামমন্দিরে একটি স্বচ্ছ প্রণামির ব্যবস্থা গড়ে তোলা গেল না? প্রণামির গণনা, নিরাপত্তার দায়িত্ব কেন নির্ধারণ করা গেল না? বিজেপি, আরএসএস ও ভিএইচপিকে এই চুরির জন্য জবাব দিতে হবে। জয়রাম আরও লিখেছেন, ‘আমাদের দাবি স্পষ্ট। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত করতে হবে। ট্রাস্টের কাজকর্ম এবং সকল পদাধিকারীকে এই তদন্তের আওতায় আনতে হবে। এছাড়া একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করতে হবে, যারা কেবল সুপ্রিম কোর্টের কাছেই রিপোর্ট পেশ করবে।’



