এশিয়ার দ্বিতীয় ক্ষমতাবান প্রধানমন্ত্রী মোদি, আন্তর্জাতিক রিপোর্ট দেখিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে রাহুল গান্ধী বিদেশে বলছেন, ভারতে অর্থনৈতিক বিপর্যয় চলছে। অর্থনীতি থেকে কর্মসংস্থান। বিদেশনীতি অথবা শিক্ষাব্যবস্থা। সব দিক থেকেই পিছিয়ে যাচ্ছে ভারত। বিজেপি পালটা আক্রমণ করে বলছে, রাহুল গান্ধী সবসময় ইচ্ছাকৃতভাবে বিদেশের মাটিতে ভারতের বদনাম করেন। সোমবারও বিজেপি মুখপাত্র সাংসদ রবিশংকর প্রসাদ বলেন, বিদেশে গিয়ে রাহুল বারংবার ভারত সম্পর্কে অপপ্রচার করেন। তাঁর পিছনে কে আছে? এটা ভারতবাসীর প্রশ্ন। পাশাপাশি সোমবার বিজেপি এবং মোদি সরকার আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা লোয়ি ইনস্টিটিউটের একটি সমীক্ষা রিপোর্টের উল্লেখ করেছে। ‘এশিয়া ইনডেক্স’ নামক ওই রিপোর্টে বলা হয়েছে, এশিয়ার মধ্যে দ্বিতীয় ক্ষমতাবান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। প্রভাবের বিচারে এশিয়ায় যাদের প্রভাব সবথেকে বেশি, সেই দেশগুলির মধ্যে প্রথম তিনে রয়েছে ভারত।  আমেরিকা, চীনের পর। একটি দেশের প্রধান হিসাবে জি জিনপিং এর পর সবথেকে প্রভাবশালী হলেন নরেন্দ্র মোদি। রবিশংকর প্রসাদ বলেন, রাহুল গান্ধী স্বদেশে এবং বিদেশে যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, সেটি তাঁর ব্যক্তিগত হতাশার জায়গা। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পালটা কিছু বলেন না। এই সংযমের জন্য প্রধানমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই। লোয়ি ইনস্টিটিউটের সমীক্ষায় দেখা যাচ্ছে, সামগ্রিক র‌্যাংকিংয়ের ক্ষেত্রে ভারত ও চীনের মধ্যে পার্থক্য কমে আসছে ক্রমশ। ২০১৮ সালে ভারতের র‌্যাংক যেখানে ছিল, এখন তা এক ধাক্কায় অনেক উপরে এসেছে। ভারতের র‌্যাঙ্ক এখন ৪০.৩। অন্যদিকে কূটনীতির ক্ষেত্রে ভারতের উন্নতি হয়েছে সবথেকে বেশি। এই প্রতিটি মাপকাঠিকে প্রচারের চাবিকাঠি করে বিজেপি সোমবার থেকেই নেমেছে ময়দানে। 

Advertisement