নয়াদিল্লি: ব্রিকস সম্মেলন উপলক্ষ্যে সেজে উঠেছে রাজধানী দিল্লি। তবে তার মধ্যেই রাজধানীর বিভিন্ন দরিদ্র ও বস্তি এলাকায় রাস্তার ধার বরাবর অস্থায়ী ব্যারিকেড ও বিশাল বিশাল পরদা দিয়ে ঢেকে ফেলার অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। এই ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। শনিবার কংগ্রেস নেতা পবন খেরা তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে। কটাক্ষ করতে ছাড়েনি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও (আপ)।
এদিন পবন খেরার অভিযোগ, দারিদ্র দূরীকরণ নয়, বরং বিদেশি অতিথিদের নজর থেকে দেশের আর্থসামাজিক পরিস্থিতির কঠিন বাস্তবতা আড়াল করতে ব্যস্ত সরকার। এক্স হ্যান্ডলে এই কংগ্রেস নেতার ঠেস, সব হিজাবই যে বিজেপির অপছন্দের, তেমনটা মোটেও নয়। যে পরদায় মোদির ব্যর্থতাগুলি ঢাকা পড়ে, সেটাই বিজেপির সবচেয়ে প্রিয়। এই ইস্যুতে মোদি সরকারের সমালোচনা করতে এক্স হ্যান্ডলে একটি কার্টুন শেয়ার করেছে আপ। সেখানে দেখা যাচ্ছে ‘ভিশন ২০৪৭’ লেখা একটি আয়না। তার প্রতিবিম্বে দেখা যাচ্ছে উন্নত দিল্লি এবং ভারত মণ্ডপম। তবে ফ্রেমের বাইরে কার্টুনটিতে বস্তি এলাকা, আবর্জনা এবং ঝুপড়ি দেখানো হয়েছে। সেই পোস্টটিতেই কটাক্ষের সুরে লেখা হয়েছে, বস্তিগুলিকে পরদা দিয়ে ঢেকে দিলেই বাস্তবতা বদলাবে না, ঠিক যেমন ২.৬ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ৭.৮ শতাংশ বলা হচ্ছে।