কর্মসংস্থানে লক্ষ্যের ধারেকাছেও পৌঁছতে পারল না মোদি সরকার, পিএলআইতে ব্যর্থ ‘আত্মনির্ভর’ স্বপ্ন
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘোষণা ছিল বিরাট। কিন্তু বাস্তবের মাটিতে ফলল না আশানুরূপ ফল। দেশের শিল্পোৎপাদনের প্রসারে ও কর্মসংস্থানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবচেয়ে ঢাকঢোল পেটানো স্কিম প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ (পিএলআই) এখন সরকারের নিজের রিপোর্টেই ব্যর্থতার মুখে। পিএলআই স্কিমের মূল বিষয় ছিল, দেশের  মধ্যে থেকে কোনো শিল্প প্রতিষ্ঠান আগের বছরের থেকে বেশি জিনিস বানিয়ে বিক্রি করলে সরকার সেই বাড়তি বিক্রির উপর নির্দিষ্ট হারে টাকা দেবে ইনসেন্টিভ হিসাবে। ২০২০ সালের মার্চে করোনার শুরুতে এই স্কিম চালু করে কেন্দ্র। তখন গোটা দেশ টের পেয়েছিল, ওষুধের কাঁচামাল থেকে শুরু করে মোবাইলের যন্ত্রাংশ, সবকিছুর জন্য ভারত কতটা চীনের উপর নির্ভরশীল। চীন থেকে জিনিস না এলে দেশে কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল! সেই অবস্থা থেকে বেরোতে ‘আত্মনির্ভর ভারত’-এর স্লোগান দিয়ে পিএলআই স্কিম আনা হয়।

Advertisement

তখন সামনে আনা হয় তিনটি উদ্দেশ্য। প্রথমত, দেশে বড়ো বড়ো কারখানা হবে, দ্বিতীয়ত, আমদানি কমে রপ্তানি বাড়বে এবং তৃতীয়ত, কয়েক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। মোবাইল, ইলেকট্রনিক পণ্য, ফার্মা, অটো, টেক্সটাইল, ফুড প্রসেসিং, স্পেশালিটি স্টিল, সোলার, ব্যাটারিসহ ১৪টি সেক্টর এর আওতায় বর্তমানে রয়েছে। প্রকল্পের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছিল প্রায় ১ লক্ষ ৯১ হাজার কোটি টাকা। লক্ষ্য ছিল প্রায় ৩ লক্ষ ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ আর প্রায় ৩০ লক্ষ ১৯ হাজার চাকরি। এমাসে প্রকাশিত নীতি আয়োগ এবং আইআইএম আমেদাবাদের যৌথ রিপোর্টে বলা হয়েছে, গত মার্চ পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ এসেছে ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। কিন্তু চাকরি হয়েছে মাত্র ৮ লক্ষ ৪৯ হাজার, যা লক্ষ্যের মাত্র ২৮ শতাংশ। 
রিপোর্ট আরও বলছে, ১ লক্ষ ৯১ হাজার কোটি টাকার মধ্যে সরকার ছেড়েছে মাত্র ৩৫ হাজার ৩৫৪ কোটি টাকা। অর্থাৎ ৮১.৫ শতাংশ টাকা সরকারের ঘরেই পড়ে আছে। টেক্সটাইলে ১০,৬৮৩ কোটি টাকার মধ্যে ছাড়া হয়েছে মাত্র ৩.৬১ শতাংশ। অটোমোবাইলে মাত্র ৯.২ শতাংশ। এসিসি ব্যাটারির ক্ষেত্রে তা শূন্য!
সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, যদি ১৪টির মধ্যে মাত্র ৪টি সেক্টর—ইলেকট্রনিক পণ্য, ফার্মা, টেলিকম আর ফুড প্রসেসিং ছাড়া বাকি ১০টি সেক্টরই পিছিয়ে থাকে, তাহলে স্কিম কি আদৌ সফল? বেকার যুবকদের চাকরি দেওয়ার যে স্বপ্ন দেখানো হয়েছিল, বাস্তবে তার সাফল্য তলানিতে। যে বিনিয়োগের হিসাব সামনে আনা হয়েছে, তাও কি শুধু কাগজেকলমেই রয়ে গিয়েছে, উঠছে প্রশ্ন।