নিজস্ব প্রতিনিধি, বারাসত: রক্তের বিভিন্ন ‘জটিল’ নমুনা পরীক্ষার জন্য রোগীকে ছুটতে হতো বেসরকারি ল্যাবে। এবার মুশকিল আসান। আধুনিক পদ্ধতিতে হরমোনাল টেস্ট, ক্যান্সার নির্ণয়, আক্রান্তদের রক্তের নমুনা পরীক্ষা করতে আধুনিক মেশিন বসল বারাসত মেডিক্যালে। সোমবার পরিষেবা চালু হল। এদিন ১০ জন রোগীর রক্তের নমুনা পরীক্ষার পর রিপোর্ট তুলেও দেওয়া হয়েছে।
বারাসত মেডিক্যালে এতদিন উন্নত প্রযুক্তির মেশিন না থাকায় দ্রুত রিপোর্টের জন্য বেসরকারি সংস্থার দ্বারস্থ হতে হতো মানুষকে। আগে পরীক্ষা করা হতো প্রাচীন ‘অ্যালাইজা’ পদ্ধতিতে। ফলে রিপোর্ট পেতে কিছুটা দেরি হতো। তাই চিকিৎসাতেও দেরি হতো। এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের পরীক্ষায় ব্যবহৃত হতে চলেছে আধুনিক পদ্ধতি। উন্নত প্রযুক্তির মেশিন বসানো হয়েছে। এনিয়ে বারাসত মেডিক্যাল কলেজের এমএসভিপি অভিজিৎ সাহা বলেন, এবার থেকে দ্রুত তিন ধরনের পরীক্ষার রিপোর্ট পাবে রোগীর পরিবার। আগে এই পরীক্ষা হতো, কিন্তু রিপোর্ট পেতে দেরি হতো। ফলে, চিকিৎসা শুরু করতে কিছুটা বেশি সময় লাগত। এমএসভিপি জানিয়েছেন, ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে কেমো দেওয়ার পরিকাঠামো রয়েছে হাসপাতালে। কারও পরিস্থিতি জটিল হলে রেডিয়েশনের উপযুক্ত ব্যবস্থা করব। সোমবার ১০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে।-নিজস্ব চিত্র