সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ি ব্লকের কৃষকদের কাছ থেকে সরকারি উদ্যোগে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ধান কেনার প্রক্রিয়া। নির্দিষ্ট ধান ক্রয় কেন্দ্রের পাশাপাশি ওই দিন থেকেই গ্রামে গ্রামে মোবাইল ভ্যান পাঠিয়ে ধান সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান, সেই লক্ষ্যেই প্রশাসনের এই উদ্যোগ।
খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি উদ্যোগে ধান কেনার ক্ষেত্রে এবারও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রত্যন্ত গ্রামীণ এলাকার কৃষকদের। অনেক সময় উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পেয়ে ফড়েদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হন চাষিরা। সেই সমস্যা দূর করতেই মোবাইল ভ্যানের মাধ্যমে কৃষকদের আরও কাছে পৌঁছতে চাইছে দপ্তর। এর ফলে প্রত্যন্ত এলাকার কৃষকদেরও সরকারি ব্যবস্থায় ধান বিক্রির সুযোগ মিলবে।
জলপাইগুড়ি জেলা খাদ্য আধিকারিক দাওয়া ওয়াংগেল লামা বলেন, কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান এবং মধ্যস্বত্বভোগী বা ফড়েদের খপ্পরে পড়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য না হন, সেটাই প্রশাসনের লক্ষ্য। তাঁর বক্তব্য, সরকারি ব্যবস্থায় ধান কেনার গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টিতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, সরকারি খাদ্য সরবরাহ ব্যবস্থায় চালের জোগান স্বাভাবিক রাখতে প্রতিবছরই কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়। সেই ধান থেকে উৎপাদিত চাল রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। ফলে সরকারি ধান সংগ্রহ ব্যবস্থার সঙ্গে কৃষকদের স্বার্থের পাশাপাশি খাদ্য সরবরাহ ব্যবস্থার বিষয়টিও জড়িয়ে রয়েছে।
কৃষক রবীন্দ্রনাথ রায়, মৃন্ময় রায় প্রমুখ বলেন, আমরা লক্ষ্য করেছি গতবছর সরকারি জায়গায় ধান বিক্রির সময় কালোবাজারি হচ্ছিল। একশ্রেণির পাইকার কৃষকদের ডকুমেন্ট নিয়ে কালোবাজারি করেছিল। সেটা যাতে রোখা যায় সেদিকে এবার প্রশাসন নজর রাখুক।



