হিঙ্গলগঞ্জে ভ্রাম্যমাণ শিবির বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা, ওষুধ
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: প্রত্যন্ত সুন্দরবনের বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করাতে ও প্রয়োজনীয় ওষুধ দিতে উদ্যোগ নিল হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল স্বাস্থ্যকেন্দ্র। কেন্দ্রটির উদ্যোগে ১৩ নম্বর স্যান্ডেলের বিল এলাকায় আয়োজন করা হল একটি ভ্রাম্যমাণ চিকিৎসা শিবিরের। সেখানে ব্লাড সুগার সহ প্রয়োজনীয় একাধিক স্বাস্থ্যপরীক্ষা করা হয় বাসিন্দাদের। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের হাতে বিনামূল্যে ওষুধও তুলে দেওয়া হয়। সুন্দরবন এলাকার বাসিন্দাদের অনেক সময়ই চিকিৎসার জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হতো। সেই সমস্যার কথা মাথায় রেখেই শনিবার, এই ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার আয়োজন করা হয়েছে। 

Advertisement

স্থানীয় বাসিন্দা শ্যামলী মণ্ডল বলেন, বাড়ির কাছেই চিকিৎসক, স্বাস্থ্যপরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ পাওয়ায় তাঁদের অনেকটা সুবিধা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্যশিবির নিয়মিত আয়োজনের দাবি জানান তাঁরা। স্যান্ডেলের বিল স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক ডাঃ ছোট্টু মণ্ডল বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বর্তমানে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আগামী দিনে আরও বেশি পরিমাণে ওষুধ, উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে।