রায়পুর (পিটিআই): পাখির চোখ বস্তার। মাওবাদী অধ্যুষিত এই জেলাকে রাজ্যের পর্যটন মানচিত্রে তুলে ধরা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই। সেই লক্ষ্যেই বাজেটে বস্তারের উন্নয়নে ১ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করল ছত্তিশগড় সরকার। সোমবার চলতি বছরের বাজেট পেশ করে অর্থমন্ত্রী ও পি চৌধুরী জানান, মাওবাদী অধ্যুষিত বস্তারকে উন্নয়নের নতুন মডেল হিসেবে তুলে ধরতে পর্যটন, নিরাপত্তা ও পরিকাঠামো খাতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, মাওবাদী দমন অভিযানের জন্য কেন্দ্রের এনএসজির ধাঁচে স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের খনিজ সম্পদ রক্ষায় কেন্দ্রের সিআইএসএফের অনুকরণে স্টেট ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স গঠন করা হবে বলেও বাজেটে জানানো হয়েছে। মাওবাদী দমনের জন্য ছত্তিশগড়জুড়ে একের পর এক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিষ্ণুদেও সাঁই মুখ্যমন্ত্রী হওয়ার পর মাত্র ১৫ মাসের মধ্যে নিকেশ হয়েছে ৩০৫ মাওবাদী। আত্মসমর্পণ করেছে ১ হাজার জনেরও বেশি। রাজ্যকে মাওবাদীমুক্ত করতে ‘বস্তার ফাইটার্স’ বাহিনীতে ৩ হাজার ২০০ জনকে নিয়োগ করা হবে।



