সংবাদদাতা, কালনা: পারিবারিক বিবাদের জেরে মন্তেশ্বর থানার মৌসা গ্রামে এক যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। মৃতের নাম হাসিবুল শেখ(২৩)। তিনি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। মাস খানেক আগে বাড়ি ফিরেছিলেন। তাঁর পরিবারের সঙ্গে এক আত্মীয়ের পরিবারের জমি সংক্রান্ত বিবাদ চলছিল। শুক্রবার সন্ধ্যায় দুই পরিবারের বাচ্চাদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে বড়দের মধ্যে বচসা শুরু হয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। তখনই তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় হাসিবুল গুরুতর জখম হন। তাঁকে রক্তাক্ত অবস্থায় মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জখম আরও তিনজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। মৃতের বাবা তফছর শেখ বলেন, এদিন দুই পরিবারের বাচ্চাদের মধ্যে অশান্তি হয়। তারপরই ওরা নৃশংসভাবে ছেলেটাকে পিটিয়ে মেরে দেয়। কালনার এসডিপিও রাকেশকুমার চৌধুরী বলেন, দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। একজনের মৃত্যুর খবর এসেছে।



