সংবাদদাতা, কালনা: স্ত্রীর সঙ্গে অশান্তি করে নিজের তিন মাসের কন্যাসন্তানকে মেরে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের পানবরেয়া গ্রামে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই শিশুর কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে মন্তেশ্বর থানার পুলিস।স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বর থানার পানবরেয়া গ্রামে ঝাড়খণ্ড থেকে ধানকাটার কাজে আসে জেসাই মুর্মু। তার সঙ্গে এক মহিলাও আসে। দু’জনই এলাকায় কাজ করছিল। এদিকে দু’দিন আগে জেসাই মুর্মুর স্ত্রী দাবি করে গ্রামে হাজির হন এক মহিলা। তাঁর সঙ্গে তিন মাসের এক শিশুকন্যা ছিল। এরপরই জেসাই মুর্মু ও স্ত্রী বলে দাবি করা মহিলার মধ্যে অশান্তি শুরু হয়। বুধবার ভোরে জেসাই মুর্মু ওই শিশুকন্যাকে পাশ্ববর্তী খড়ি নদীতে ছুড়ে ফেলে দিয়েছে বলে ওই মহিলা চিৎকার চেচামেচি করতে থাকেন। স্থানীয়রা জেসাই মুর্মুকে জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা স্বীকার করে। উত্তেজিত গ্রামবাসী তাকে আটকে মারধর করে। খবর পেয়ে পুলিস এসে জেসাই মুর্মুকে আটক করে। নদীতে শিশুকন্যার খোঁজ শুরু করে।



