Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্তেশ্বরে ব্যবসায়ী ছিনতাইয়ের ঘটনায় ধৃত ২

মন্তেশ্বরে ব্যবসায়ী ছিনতাইয়ের ঘটনায় ধৃত ২
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: এক সোনার দোকানদারের রাস্তা আটকে সোনা ও রুপোর গয়না ছিনতাইয়ের ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিস। ধৃতরা হল শাহাজামল শেখ ওরফে সপ্পা ও বাগবুল মল্লিক ওরফে বাবুল। দু’জনের বাড়ি নাদনঘাট থানার কুশোগড়িয়া এলাকায়। তাদের কাছ থেকে বেশ কিছু সোনা ও রুপোর গয়না উদ্ধার হয়েছে। ধৃতদের সোমবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, নাদনঘাট থানার কুলে এলাকার বাসিন্দা আলমগীর শেখের নাদনঘাট বাসস্ট্যান্ডে একটি সোনার দোকান রয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ তিনি আত্মীয় মুন্সি হাইবুলকে নিয়ে বাইকে করে কুলে রোড ধরে বাজারের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, তিনজন একটি বাইকে এসে তাঁদের পথ আটকায়। প্রথমে হাইবুলকে মারতে মারতে মাঠের দিকে নিয়ে যায়। হাইবুল পরে এসে দেখেন, আলমগীর রাস্তার উপর পড়ে আছেন। আলমগীর বলেন, তাঁর কাছে থাকা সোনার ও রুপোর গয়না ভর্তি ব্যাগটি ওই তিনজন ছিনতাই করে নিয়ে গিয়েছে। এই ঘটনায় মুন্সি হাইবুল মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করলে পুলিস তদন্তে নামে। রবিবার রাতে নাদনঘাট কুশগড়িয়া গ্রাম থেকে শাহাজামল শেখ ও বাগবুল মল্লিককে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় কিছু সোনা ও রুপোর গয়না। ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। এর পিছনে আরও কেউ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিস।
সম্পর্কিত সংবাদ