Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্ত্রী-সাংসদকে কাছে পেয়ে পুঁটিমারি স্টেডিয়ামের সামনে পাকা রাস্তার দাবি

মন্ত্রী-সাংসদকে কাছে পেয়ে পুঁটিমারি স্টেডিয়ামের সামনে পাকা রাস্তার দাবি
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: শনিবার পুঁটিমারি স্টেডিয়ামে ৪১তম দিনহাটা মহকুমা বার্ষিক প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হল। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া হাজির ছিলেন অনুষ্ঠানে। দীর্ঘবছর ধরে স্টেডিয়ামে আসার জন্য পাকা রাস্তা তৈরি না হওয়ায় ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এদিন মন্ত্রী, সাংসদকে কাছে পেয়ে পাকা রাস্তার দাবির কথা তুলে ধরলেন তাঁরা। স্থানীয়দের সমস্যার কথা শুনেই রাস্তার আশ্বাস দেন মন্ত্রী। বলেন, রাস্তার জন্য জমি পেলে তিন মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে।
Advertisement
দিনহাটা শহর সংলগ্ন পুঁটিমারি এলাকায় স্টেডিয়ামের মাঠ রয়েছে। দিনহাটা-কোচবিহার রাজ্যসড়ক থেকে কিছুটা দূরেই রয়েছে এই মাঠ। জমির অভাবে রাজ্যসড়কের সঙ্গে সংযোগকারী রাস্তা গড়ে ওঠেনি। রাস্তা না থাকায় বর্ষাকালে সমস্যায় ভুগতে হয় স্থানীয়দের। অল্প বৃষ্টিতেই জল জমে যায় এলাকায়। স্টেডিয়ামের মাঠে আসতে হয় ওই কর্দমাক্ত রাস্তা দিয়ে। পাকা রাস্তা না থাকায় ভ্যান, টোটো যাতায়াত করতেও সমস্যায় পড়েন বাসিন্দারা। জানা গিয়েছে, স্টেডিয়াম তৈরি হলেও সংযোগকারী রাস্তার জন্য জমি মেলেনি। রাস্তা তৈরি করতে অন্তত তিন ফুটের চওড়া জায়গা দরকার। সেটা নেই সেখানে। স্থানীয় বাসিন্দারা তাঁদের সমস্যার কথা এদিন মন্ত্রী ও সাংসদকে জানান। স্থানীয়দের সঙ্গে নিয়েই বেহাল রাস্তা পরিদর্শন করেন তাঁরা। রাস্তার জন্য স্থানীয়রা জায়গা দিলেই দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী ও সাংসদ।
কোচবিহারের সাংসদ বলেন, রাস্তা তৈরি করার জন্য জমি প্রয়োজন। স্থানীয়রা জমি দিলেই দ্রুত রাস্তার কাজ শুরু হবে। এদিকে স্থানীয়দের সমস্যার কথা শুনেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তিনি বলেন, অন্তত তিন ফুট চওড়া জায়গা প্রয়োজন। তা পেলেই তিন মাসের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ