নয়াদিল্লি: মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনে হারের পর এমনই মন্তব্য করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দলের হারের পাশাপাশি নিজেও হেরেছেন তিনি। কেজরিওয়ালের দাবি, তাঁর দল ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করে না। এখন থেকে আপ গঠনমূলক বিরোধিতার পাশাপাশি মানুষের সেবা করে যাবে। এদিন হার নিশ্চিত হয়ে যাওয়ার পর আপ সুপ্রিমো বলেন, ‘জনগণের সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি। আশা করব, তারা মানুষের প্রত্যাশা পূরণ করবে।’ এদিনও তিনি দাবি করেন, আপ সরকার গত দশ বছরে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও বিদ্যুত্ সরবরাহের মতো ক্ষেত্রে প্রচুর কাজ করেছে। বিরোধী আসনে থেকেও সেই কাজ করার চেষ্টা চলবে।
Advertisement
হারের পরেও বিজেপির বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশীও। কালকাজি আসন থেকে জিতেছেন আতিশী। এদিন তিনি জানান, এই হার দলের জন্য অবশ্যই একটা ধাক্কা। কিন্তু তাঁরা বিজেপির বিরুদ্ধে ‘যুদ্ধ’ জারি রাখবেন। কালকাজির ভোটাররা তাঁকে ভরসা করায় ধন্যবাদ জানান আতিশী। জয় নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, ‘আমরা মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। আমি জিতেছি, কিন্তু এখন তা নিয়ে আনন্দ করার সময় নয়।’



