বিশেষ সংবাদদাতা, ইম্ফল: জাতি হিংসায় বিধ্বস্ত মণিপুরে বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্য। এবার থৌবাল জেলায় ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি)-র ফাঁড়ি থেকে অস্ত্র লুটপাটের অভিযোগ। জানা গিয়েছে, শনিবার রাতে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী ফাঁড়িতে হানা দেয়। এই ঘটনায় বিজেপি শাসিত উত্তর-পূর্বের এই রাজ্যে আইন-শৃঙ্খলার সার্বিক বেহাল দশা আরও একবার বেআব্রু হয়ে গেল। এক আধিকারিক জানিয়েছেন, ‘শনিবার রাতে একটা গাড়িতে চেপে আসে তারা থৌবালের কাকমাইয়ের ওই ফাঁড়িতে আসে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। তারা আইআরবি ও মণিপুর রাইফেলস কর্মীদের কাছ থেকে কমপক্ষে ছয়টি এসএলআর ও তিনটি একে রাইফেল ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এছাড়াও ফাঁড়ি থেকে ১২টি ম্যাগাজিন সহ প্রায় ২৭০ রাউন্ড গোলাবারুদ লুট করা হয়েছে।’ খবর পেয়ে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর একটি অতিরিক্ত দল এলাকায় পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত চলছে।



