সংবাদদাতা, রাজগঞ্জ: মণিপুরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়ে মৃত্যু হল রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের পাকড়িতলা গ্রামের এক যুবকের। পরিবার জানিয়েছে, মৃত যুবকের নাম শুভঙ্কর রায় (২৪)। কিছুদিন আগেই তিনি মনিপুরে কাজ করতে যান। একটি সংস্থার অধীন সেখানে টানেল তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার সেখানেই তাঁর মাথার উপর পাথর খসে পড়ে। এর জেরে তাঁর মৃত্যু হয়। শনিবার সকালে তাঁর কফিনবন্দি মৃতদেহ বাড়িতে ফেরে। এদিন তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নার রোল পড়ে। স্থানীয় পঞ্চায়েত সদস্য অমল রায় বলেন, খুবই দুঃখজনক ঘটনা। সংস্থার পক্ষ থেকে পরিবারটিকে যাতে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হয়, আমরা সেই দাবি জানাব।



