বিশেষ সংবাদদাতা, ইম্ফল : ফের হিংসা মণিপুরে। দুষ্কৃতীদের গুলিতে জখম নিরাপত্তারক্ষী। বুধবার রাত ৯ টা নাগাদ পশ্চিম ইম্ফল জেলার লাম্ফেল থানা এলাকায় এই ঘটনা ঘটে। এখানকার গেইম ভিলেজে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা কৃতিংগাম্বা লেইশাংথেম (২৮) নামে ওই নিরাপত্তারক্ষীর উপর হামলা চালায়। তাঁর পায়ে গুলি লাগে। গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। ততক্ষণে চম্পট দেয় হামলাকারীরা। গেইম ভিলেজের সরকারি আবাসনের বাসিন্দা কৃতিংগাম্বাকে ইম্ফলের রিজিওনাল ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস (আরআইএমএস)-এ ভর্তি করা হয়। তিনি এই হাসপাতালেরই নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



