Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মনোনয়নে দেখা নেই সিপিএমের, কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের চর্চা

মনোনয়নে দেখা নেই সিপিএমের, কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের চর্চা
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচলে হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। লোকসভা ভোটের পর এলাকায় এই প্রথম ভোট হওয়ায় শাসক ও বিরোধী দলের কর্মীদের মধ্যে চরম উন্মাদনা। চায়ের দোকান থেকে শুরু করে হাটে বাজারে খরবা গ্রাম পঞ্চায়েতের নৈকান্দা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন নিয়েই চর্চা। তবে সেই আলোচনায় সিপিএমের নামগন্ধ নেই। কারণ ২৭ নভেম্বর মনোনয়নের শেষ দিন। সোমবার কংগ্রেস ও মঙ্গলবার তৃণমূল ছয়জন করে প্রার্থীর মনোনয়ন জমা করলেও সিপিএমের কারও দেখা নেই। সাম্প্রতিককালের নির্বাচনগুলিতে কংগ্রেস ও সিপিএমকে এলাকায় একসঙ্গে লড়তে দেখা গিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দুই দলের মধ্যে বিচ্ছেদ হয়েছে কি না, তা নিয়েই বেশি চর্চা স্থানীয় রাজনৈতিক মহলে।
Advertisement
চাঁচল ১ ব্লক সিপিএম এরিয়া কমিটির সম্পাদক হারুন অল রশিদের কথায়, কংগ্রেস জোট করার জন্য প্রস্তাব দেয়নি। আমরাও দিইনি। তবে একদিন সময় আছে। মনোনয়ন জমা দেওয়ার ব্যাপারটি দলে আলোচনা হচ্ছে। নৈকান্দা বরাবর কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে প্রাক্তন দুই বিধায়ক মেহবুব উল হক ও তাঁর পুত্র আসিফ মেহবুবের ভিটে। দেখার বিষয় এই নির্বাচন স্থানীয় কংগ্রেস শিবিরকে অক্সিজেন জোগাতে পারে কি না। যদিও তৃণমূলের দাবি তারা ৬-০ ব্যবধানে জিতবে। মঙ্গলবার মনোনয়ন উপলক্ষ্যে ঘাসফুল শিবিরে ছিল উচ্ছ্বাস ও উৎসবের মেজাজ। মিছিল করে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে নিয়ে যান জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন। উপস্থিত ছিলেন চাঁচল ১ ব্লক তৃণমূল কমিটির সভাপতি শেখ আফসার আলি ও খরবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাকও। রফিকুল বলেন, সিপিএম প্রার্থী খুঁজে পাচ্ছে না। কংগ্রেস কোনও রকমে লড়ছে। আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা।
নৈকান্দা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আমিন সরকার জানান, মনোনয়নের শেষদিন ২৭ নভেম্বর। স্ক্রুটিনি রয়েছে ২৮ নভেম্বর ও ৩০ তারিখ প্রত্যাহারের শেষ দিন। ১৫ ডিসেম্বর নির্বাচনে নির্বাচকের সংখ্যা ৪৫২ জন।
সম্পর্কিত সংবাদ