সংবাদদাতা, মানকর: ‘খুকুমণি চায় না খেতে, মোবাইল না পেলে / মামণি তাই বিষাক্ত মোবাইল, দিল হাতে তুলে।’ অতিরিক্ত মোবাইল ব্যবহার নিয়ে সচেতনতার বার্তা মিলল সরস্বতী পুজোর মণ্ডপে। পুজো উপলক্ষ্যে এমনই নানা থিমে জমজমাট মানকর এবং আউশগ্রামের অমরারগড়, দিগনগর। একাধিক পুজো কমিটি থিমের উপস্থাপনা করেছে। পুজো উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
Advertisement
মানকরের বারুইপাড়া নবীন সঙ্ঘের পুজো এবারে ৬৩ বছরে পদার্পণ করেছে। এবারের থিম ‘মুঠোবন্দি জীবন’। মণ্ডপ জুড়ে অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিকটি তুলে ধরে নানা ছড়া লেখা হয়েছে। ক্লাবের পক্ষে অরূপ দত্ত বলেন, বর্তমানে শিশু থেকে বড় সকলেরই মোবাইলে আসক্তি বেড়েছে। তার থেকে নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে। ফোনের প্রয়োজন অবশ্যই রয়েছে। কিন্তু অতিরিক্ত ব্যবহারে ভালোর থেকে খারাপই বেশি হচ্ছে। এবারেও পুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয়রা ছাড়াও আউশগ্রামের এড়াল, সুয়াতা সহ বিভিন্ন এলাকা থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনেকেই অংশ নিয়েছে। নিউ রয়েল ক্লাবের পুজোয় এবারের থিম ‘সহজপাঠ’। পুজো কমিটির সদস্য ঈশ্বরলাল পরামাণিক জানান, সহজপাঠ থেকেই আমাদের শিক্ষা শুরু হয়। সেই কথা মাথায় রেখেই বিদ্যার দেবীর পুজোয় এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। মানকর পল্লিমঙ্গল লাইব্রেব্রির পুজো দেখতে ভিড় করেন এলাকার মানুষ। লাইব্রেরির পক্ষে তপন বিশ্বাস বলেন, পুজোকে কেন্দ্র করে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী করা হয়েছে লাইব্রেরি প্রাঙ্গণে।
মানকর সংলগ্ন অমরারগড়ে একাধিক থিমের পুজো হচ্ছে। নেতাজি সঙ্ঘের থিম ‘বাংলার পটচিত্র ও পুতুল’। শিল্পী স্বরূপ পাল ও দেবব্রত চক্রবর্তী বলেন, পটচিত্র বাংলার নিজস্ব রীতি। কিন্তু ধীরে ধীরে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। মণ্ডপে আগত দর্শনার্থীরা যাতে এই ধারার সঙ্গে পরিচিত হতে পারেন তাই এই ভাবনা। পাশাপাশি পটুয়া সম্প্রদায়ের প্রতিও শ্রদ্ধা জানানোর চেষ্টাও করেছি। সম্মিলনী ক্লাবে এবার পুরনো দিনের বিভিন্ন জিনিস যেমন পাই, কড়ি, রেকর্ড প্লেয়ার দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে। সাধারণের প্রদর্শনীরও ব্যবস্থা রয়েছে। পল্লিশ্রী ক্লাবের এবারের থিম ‘ধারাপাত’। কমিটির সদস্য রাজদীপ গড়াই, অঙ্কুর গড়াই বলেন, অঙ্কের প্রতি পড়ুয়াদের ভালোবাসা বাড়াতে এমন ভাবনা নিয়েছি। দিগনগর সাফল্য সর্বজনীন সরস্বতী পুজো কমিটি এবারে সাবেকী পুজো করছে। ক্লাবের সদস্য অর্পণ সেন বলেন, পুজো উপলক্ষ্যে নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।