Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানকর হাসপাতালে ছুরিকাহত স্বাস্থ্যকর্মী, কারণ নিয়ে ধোঁয়াশা

মানকর হাসপাতালে ছুরিকাহত স্বাস্থ্যকর্মী, কারণ নিয়ে ধোঁয়াশা
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদাতা, মানকর: শুক্রবার বিকেলে মানকর গ্রামীণ হাসপাতালের আবাসনে এক মহিলা স্বাস্থ্যকর্মী ছুরিকাহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই স্বাস্থ্যকর্মী আবাসনে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ পর তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। তিনি ফোন করে এক স্বাস্থ্যকর্মীকে জানান, দু’জন বারান্দার গ্রিল টপকে রুমে ঢোকে। তাদের মধ্যে একজন তাঁকে ছুরির কোপ মারে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে মানকর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয়। পরে তাঁকে বর্ধমানে রেফার করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ বলেন, ওই স্বাস্থ্যকর্মীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
Advertisement
ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি  মানকরে। তাঁর স্বামী বলেন, স্ত্রী ডিউটিতে এসেছিলেন। শারীরিক অসুস্থতা বোধ করায় তিনি আবাসনে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় হামলা করা হয়। কেন এমনটা হল, তা বুঝতে পারছি না। পুলিস ঘটনার তদন্ত করে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। 
হাসপাতালের সুপার অনিরুদ্ধ ইসলাম বলেন, বিষয়টি পুলিসকে জানানো হয়েছে। তারা ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবে। এসিপি সুমনকুমার জসওয়াল বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, হাসপাতালের আবাসনে নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা। সেখানে যে কেউ যখন খুশি ঢুকে যেতে পারে। তবে কী উদ্দেশ্যে ওই স্বাস্থ্যকর্মীকে ছুরি মারা হয়েছে, তা স্পষ্ট নয়। ওই স্বাস্থ্যকর্মীর সঙ্গে কারও শত্রুতা ছিল না। বুদবুদ থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। এক আধিকারিক বলেন, ওই স্বাস্থ্যকর্মী একটু স্বাভাবিক হলে তাঁর সঙ্গে কথা বলা হবে।  দু’জন দুষ্কৃতী ছিল বলে তিনি জানিয়েছেন। গলায় গভীর ক্ষত থাকায় বেশি কথা বলতে পারেননি। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই স্বাস্থ্যকর্মীর বয়ান খতিয়ে দেখা হচ্ছে। দিনের দিকে দু’জন দুষ্কৃতী এসে তাঁর উপর হামলা করে গেলেও অন্যরা কেন তা টের পেল না, সেটা বোঝা যাচ্ছে না। সেখানে দুষ্কৃতীদের ঢোকার কোনও নমুনা সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।
সম্পর্কিত সংবাদ