সংবাদদাতা, মানিকচক: মঙ্গলবার সকালে মানিকচকের মথুরাপুর শঙ্করটোলায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মনোজ ঘোষ (৪৫)। পেশায় তিনি দিনমজুর ছিলেন। বাড়ি রতুয়া থানার মাকাইয়া গ্রামে। তবে গত ১৫ বছর ধরে তিনি মথুরাপুর গোয়ালপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে স্ত্রী তারা ঘোষের সঙ্গে তাঁর বচসা হয়। তারপরই তিনি ঘর থেকে বেরিয়ে আর রাতে বাড়ি ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও খোঁজ মেলেনি। এদিন সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে ভুতনি ব্রিজ সংলগ্ন আম বাগান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে বচসার পর তিনি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। মানিকচক থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।



