সংবাদদাতা, মানিকচক: রবিবার রাতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় দুঃসাহসিক চুরি হয়েছে। অভিযোগ, ১০-১৫ জনের একটি দুষ্কৃতী দল নৌশপ্রহরীকে ভয় দেখিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার ফি বাবদ সংগৃহীত ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তারা মাদ্রাসার দু’টি অফিস ঘরেও ব্যাপক ভাঙচুর চালায়। পরিকল্পনামাফিক চুরির অভিযোগ করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক। চুরির অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিস।
Advertisement
মানিকচক এন বি হাই মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা ১৭০০। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ চলছে। এবছর প্রায় ৪০০ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাদের ফি’র ৪০ হাজার টাকা মাদ্রাসার অফিসেই ছিল। রবিবার রাতে সেই টাকা চুরি হয়ে যায়। ছাত্রছাত্রীদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া তিনটি মোবাইল সহ কম্পিউটারের হার্ডডিস্ক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক মমিনুল হোসেন বলেন, নৈশপ্রহরী মারফত জানতে পেরেছি রাতে ১০-১৫ জনের একটি দল স্কুলে ঢুকে প্রহরীকে ভয় দেখিয়ে চুরির কাজটি করেছে। এই ধরনের চুরি আগে হয়নি। থানায় অভিযোগ করেছি। তারা দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক।



