সংবাদদাতা, মানিকচক: মানিকচকে তিন বছরের অজ্ঞাত পরিচয় শিশুকন্যা উদ্ধারকে ঘিরে শোরগোল। বুধবার রাতে শিশুকে উদ্ধার করা হয় এনায়েতপুর অঞ্চলের শেখপুরা মাদ্রাসা সংলগ্ন এলাকায়। তার পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও স্থানীয় কয়েকজনের দাবি, অজ্ঞাতপরিচয় দুই মহিলা শিশুকন্যাকে রেখে গিয়েছেন। গ্রামবাসীদের তৎপরতায় শিশুকে তুলে দেওয়া হয় মানিকচক থানার পুলিসের হাতে। শেখপুরা মাদ্রাসা সংলগ্ন এলাকায় শিশুকন্যার কান্নার শব্দ শুনতে পান কয়েকজন বাসিন্দা। পরিচয় জানতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় শিশুর ছবি। মানিকচক থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধার করে মালদহ চাইল্ড লাইনে রাখার ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় শিশুকন্যার ছবি দেখে নিজেকে বাবা বলে দাবি করেন শেখ মিকাইল নামে এক যুবক। কয়েকজন এলাকাবাসীকে নিয়ে মানিকচক থানার দ্বারস্থ হন যুবক। যদিও তাঁর কাছে সেই শিশুকন্যার সঙ্গে সম্পর্কের কোনও বৈধ কাগজ না থাকায় খালি হাতে ফিরে যেতে হয়। যুবক বলেন, স্ত্রীর সঙ্গে বচসা হওয়ার কারণে শ্রমিক হিসাবে বাইরে কাজ করি। গতকালও ফোনে কথা বলার সময় আমাদের বচসা হয়েছিল। সেই কারণে হয়তো স্ত্রী আমার গ্রামে কন্যাকে রেখে পালিয়েছে। শিশুর সমস্ত কাগজ স্ত্রীর কাছে থাকায় আমি থানায় প্রমাণ করতে পারেনি।মানিকচক থানার পুলিস আধিকারিক বলেন, শিশু কন্যার পরিচয় জানার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। আপাতত মালদহ জেলা চাইল্ড লাইনে থাকার ব্যবস্থা করা হয়েছে।



