সংবাদদাতা, মানিকচক: জমি নিয়ে বিবাদের জেরে কাকাকে অপহরণের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। মালদহের মানিকচক সালাবাতগঞ্জের এই ঘটনা সামনে আসতেই শোরগোল। অপহরণ করে ব্যাপক মারধর করার পাশাপাশি জোরপূর্বক জমি লিখে নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ পেয়ে তদন্তে নেমে মঙ্গলবার রাতে রক্তাক্ত অবস্থায় অপহৃতকে উদ্ধার করে মানিকচক থানার পুলিস।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, কাকা ও ভাইপোর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। মানিকচক থানার চৌকি মীরদাদপুর অঞ্চলের সালাবাতগঞ্জের বাসিন্দা মাহাবুব আলমকে ভাইপো মেহেবুব মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বাগান থেকে বাইকে করে অপহরণ করে বলে অভিযোগ। পরে ভয় দেখিয়ে কাকার জমি নিজের নামে লিখিয়ে নেয়। মাহাবুবের পরিবার পুলিসের কাছে অভিযোগ করতেই শুরু হয় জোর তল্লাশি। মঙ্গলবার রাতে অপহৃতকে ব্যাপক মারধর করে মালদহের ইংরেজ বাজারের চণ্ডীপুরের নির্জন আমবাগানে ফেলে পালায় অপহরণকারীরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মানিকচক থানার পুলিস মাহাবুবকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মালদহ মেডিক্যালে স্থানান্তর করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন। মেহেবুব ও তার দলবল পলাতক। ইতিমধ্যে মেহেবুবের পরিবারের ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে মানিকচক থানায়।
অপহৃতের ছেলে হাসমা রেজাউল বলেন, কাকার ছেলে সহ কয়েকজন দুষ্কৃতী বাবাকে বাগান থেকে অপহরণ করে। তাঁকে মারধর করে রক্তাক্ত অবস্থায় চণ্ডীপুরের নির্জন বাগানে ফেলে দেওয়া হয়েছে। আমাদের জমি সংক্রান্ত বিবাদ নিয়ে আদালতেও মামলা চলছে।
মানিকচক থানার পুলিস আধিকারিক বলেন, পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।