Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মনোজিৎ নাগ বাস টার্মিনাস সংস্কার শুরু হয়নি এখনও

মনোজিৎ নাগ বাস টার্মিনাস সংস্কার শুরু হয়নি এখনও
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: অক্টোবর মাসে আলিপুরদুয়ার পুরসভা ও মহকুমা প্রশাসন শহরের বেহাল মনোজিৎ নাগ বাস টার্মিনাস পরিদর্শন করেছিল। টার্মিনাসে গাড়ি ঢোকার বেহাল রাস্তা, যাত্রীশেড ও যাত্রীদের বিশ্রামগার মেরামত করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একইভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল টার্মিনাস চত্বরে পর্যাপ্ত এলইডি লাইট লাগানোরও। কিন্তু প্রতিশ্রুতিই সার। গত ২১ অক্টোবর পুরকর্তৃপক্ষ ও মহকুমা প্রশাসন এই প্রতিশ্রুতি দেওয়ার পর আজও বেহাল টার্মিনাসের সংস্কার হয়নি। বলা হয়েছিল, টার্মিনাসে থাকা ট্রাকস্ট্যান্ড আরও পিছনে সরকারি জমিতে সরিয়ে দেওয়া হবে। কিন্তু সেই কাজও হয়নি বলে টার্মিনাসের ব্যবসায়ীদের অভিযোগ। 
Advertisement
ডিসেম্বর মাসের বোর্ড মিটিংয়ে পুরসভা শহরের তিনটি রাস্তায় তিনটি প্রবেশ গেট, তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি ও বায়ো টয়লেট গাড়ি কেনার সিদ্ধান্ত নেয়। শহরের বেহাল ঝিলগুলি সংস্কারেরও সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা। কিন্তু শহরের মধ্যেই থাকা শামুকতলা রোডে বেহাল টার্মিনাস সংস্কারে পুরসভা কেন এতটা উদাসীন তা নিয়ে প্রশ্ন উঠেছে টার্মিনাসের ব্যবসায়ী সহ নিত্যযাত্রীদের মধ্যে। 
স্থানীয় বাসিন্দা গোপাল সরকার বলেন, ২১ অক্টোবর পুরসভা ও প্রশাসন পরিদর্শনের পর আমরা আশা করেছিলাম এবার বেহাল টার্মিনাস মেরামত করা হবে। কিন্তু তিনমাস হতে চলল আজও কিছু চোখে পড়ছে না। মনোজিৎ নাগ বাস টার্মিনাস সংলগ্ন ব্যবসায়ী সমিতির সম্পাদক আকাশ সাহা বলেন, আমাদের আশা, প্রশাসনের লোকজন পরিদর্শন যখন করেছে তখন নিশ্চয়ই বেহাল টার্মিনাস মেরামত হবে। 
পুরসভার নিয়ন্ত্রণে থাকা মনোজিৎ নাগ বাস টার্মিনাসটি বর্তমানে বেহাল দশা। টার্মিনাসের যাত্রীশেডের মান্ধাতার আমলের টিনের চাল ফুটো হয়ে গিয়েছে। বর্ষায় বৃষ্টির জল পড়ায় যাত্রীরা শেডের নীচে দাঁড়াতে পারেন না। শুখা মরশুমেও টার্মিনাসে ঢোকার খানাখন্দে ভরা রাস্তায় জল দাঁড়িয়ে থাকে। টার্মিনাসে যাত্রীদের বিশ্রামাগারেরও বেহাল দশা। পর্যাপ্ত আলো না থাকায় সন্ধ্যার পরেই টার্মিনাস চত্বর অন্ধকারে ডুবে যায়। ট্রাকস্ট্যান্ড না সরানোর জন্যও নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছেন। কিন্তু প্রশাসনের প্রতিশ্রুতিমতো কোনও কাজই না হওয়ায় ক্ষুব্ধ সকলেই। 
পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর অবশ্য বলেন, বেহাল টার্মিনাস সংস্কারের জন্য সার্ভের কাজ শেষ হয়েছে। সংস্কার কাজও শুরু করার কথা ছিল। কিন্তু মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনের জন্য ভোটের আচরণবিধির কারণে সেই কাজ সময়ে শুরু করা যায়নি। তবে খুব শীঘ্রই টার্মিনাস সংস্কারের কাজ শুরু করে দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ