সংবাদদাতা, ঘাটাল: বন্যার পর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। ফলে চন্দ্রকোণা-১ ব্লকের মনোহরপুর-২ ব্লকের কুলদহ ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের চরম সমস্যার মধ্যে রয়েছেন। রাস্তাটি সংস্কার করার বিষয়ে প্রশাসনের হেলদোল নেই বলে অভিযোগ। রাস্তার বেহাল দশার কথা স্বীকার করেছেন ওই গ্রামপঞ্চায়েতের প্রধান মাধুরী সিং দলুই। তিনি বলেন, ‘অত বড় রাস্তা গ্রামপঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকা থেকে সংস্কার করা সম্ভব হবে না। তাই আগামী আর্থিক বছরের স্কিমে রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করা হবে।’ ওই গ্রামের খামারখোলার চক থেকে একটি মোরাম রাস্তা কুলদহ জুনিয়র হাইস্কুল পর্যন্ত গিয়েছে। ওই রাস্তাটি দিয়ে দু’টি স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও বহু মানুষ নিয়মিত যাতায়াত করেন। ২০২৪ সালের বন্যার সময় মনোহরপুর-২ গ্রামপঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। তার ফলে ওই রাস্তাটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে রাস্তা দিয়ে টোটো, বাইক, সাইকেল সহ গাড়ি যাতায়াত করত এখন সেই রাস্তাটির দু’দিক ধসে গিয়েছে। কোথাও বড় বড় গর্ত, আবার কোথাও নুড়ি বেরিয়ে গিয়েছে। কুলদহ গ্রামের বাসিন্দা সৌমেন আদক, সুশান্ত আদক, মিলন আদক প্রমুখ জানান, ফলে রাস্তা দিয়ে টোটা বা চার চাকার গাড়ি যাতায়াত করতে পারে না।



