Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে পলিথিন দিয়ে ঢেকে গাঁজা চাষ, নষ্ট করল পুলিস

ময়নাগুড়িতে পলিথিন দিয়ে ঢেকে গাঁজা চাষ, নষ্ট করল পুলিস
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: লোকজনের নজর এড়াতে বাঁশ দিয়ে কাঠামো বানিয়ে, প্লাস্টিক দিয়ে ঢেকে করা হচ্ছিল গাঁজা চাষ। কিন্তু এতকিছুর পরেও প্রশাসনের নজর এড়াতে পারল না। বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের বোলবাড়ি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে এমনভাবে চাষ করা প্রচুর গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেয় পুলিস। ময়নাগুড়ি থানার বিরাট পুলিস বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান চালান থানার আইসি সুবল ঘোষ। এলাকার বিভিন্ন বাড়ির পিছনে গোপনে  চাষ করা গাঁজা গাছ নষ্ট করে ফেলা হয়।  
Advertisement
গত মঙ্গলবার থেকে ময়নাগুড়ি ব্লকে গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিস। ওই দিন রামশাই, পানবাড়ি, আমগুড়ি, রথেরহাট সহ বিভিন্ন এলাকায় চালানো হয়েছিল অভিযান। মঙ্গলবারও প্রচুর গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয়েছে। এভাবে চাষ করা যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করে দেওয়া হয়। বুধবার ব্লকের বার্নিশে চালানো হয় অভিযান। সেখানেও কয়েক বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করা হয়। গাছগুলি কেটে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বোলবাড়িতে গিয়ে পুলিসের চোখ কপালে ওঠে। দেখা যায়, বাঁশ দিয়ে কাঠামো বানিয়ে চারধার পলিথিন দিয়ে ঘিরে চলছে চাষ। পলিথিন সরিয়ে দিয়ে কেটে ফেলা হয় গাছগুলি। পরবর্তীতে সেগুলি পুড়িয়ে দেওয়া হয়। 
ময়নাগুড়ি থানার আইসি বলেন, গাঁজা চাষ কোনওমতে বরদাস্ত করা হবে না। ব্লকজুড়ে অভিযান চলছে। সতর্ক করে দেওয়া হচ্ছে গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাঁজার গাছ বড় হলে কয়েক হাজার টাকায় সেগুলি বিক্রি হয়। অনেকেই সেই লোভে বাড়ির পিছনে পতিত জমিতে আড়ালে এই চাষ করছেন। যা বেআইনি বলে পুলিস জানিয়েছে।
সম্পর্কিত সংবাদ