Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে জমি নিয়ে বিবাদে জখম মা-ছেলে

ময়নাগুড়িতে জমি নিয়ে বিবাদে জখম মা-ছেলে
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: জমি নিয়ে বিবাদের জেরে এক যুবককে হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি গ্রামে। বুধবার এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জখম যুবক ও তাঁর মা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিস। সন্ধ্যায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার হয়। 
Advertisement
ময়নাগুড়ির দ্বারিকামারিতে একটি জমি নিয়ে সুমিত সরকার এবং তাঁর প্রতিবেশী হরিনাথ মল্লিকের পরিবারের সঙ্গে কিছুদিন ধরেই ঝামেলা চলছে। বুধবার সেই ঝামেলা চরমে পৌঁছয়। সুমিতের অভিযোগ, সকালে তিনি জমির দিকে যান। লক্ষ্য করেন যে জমি নিয়ে ঝামেলা চলছে সেই জমিতে ঘাস মারার ওষুধ দিচ্ছেন হরিনাথ। কেন হরিনাথ জমিতে ঢুকেছেন তা সুমিত জানতে চান। অভিযোগ, সেই সময় হরিনাথ ধারালো অস্ত্র নিয়ে সুমিতের মাথায় আঘাত করার চেষ্টা করেন। মাথা সরিয়ে নিলেও হাতে গিয়ে কোপ পড়ে। এতে সুমিত রক্তাক্ত হন। 
এদিকে, ছেলের চিৎকার শুনে সুমিতের মা সম্পতি সরকার ঘটনাস্থলে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে গ্রামবাসীরা আহত দু’জনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসা করিয়ে মা ও ছেলে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 
এদিকে অভিযুক্ত তাঁর বিরুদ্ধে নিয়ে আসা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পুলিস সন্ধ্যায় হরিনাথকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। হরিনাথ মল্লিক জানান, তিনি কাউকে আঘাত করেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিকে একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  
সম্পর্কিত সংবাদ