Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে বিজেপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ময়নাগুড়িতে বিজেপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: বিজেপির এক জেলা নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল করার অভিযোগ উঠেছে। শুধু তিনি নন, আরও বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার বিরুদ্ধেও সরকারি জায়গা দখল করে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। আর এই অভিযোগের ভিত্তিতে জমি পুনরুদ্ধারে নেমেছে প্রশাসন। গত শুক্রবার ময়নাগুড়ির ধরলা নদী সংলগ্ন এলাকায় ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দেবায়নী মিত্র সহ ব্লক প্রশাসনের কর্তারা হাজির হয়ে জমি মাপজোক করেন। জমিতে খুঁটি পুঁতে দেওয়া হয়। শীঘ্রই সরকারি ওই জমিতে বোর্ডও লাগিয়ে দেওয়া হবে। মোট ১ একর ৫১ ডেসিমেল জায়গা দখল হয়ে আছে বলে অভিযোগ। 
Advertisement
কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, বিজেপির জলপাইগুড়ি জেলার যুব মোর্চার সহ সভাপতি শঙ্কর সরকারের পরিবারের লোকজন ধরলা নদী সংলগ্ন এলাকায় সরকারি জায়গা দখল করে নিয়েছে। জমিতে চাষাবাদ করা হচ্ছে। তেজপাতা বাগান করা হয়েছে। নির্দিষ্টভাবে অভিযোগের ভিত্তিতে এলাকায় অভিযান চালান প্রশাসনিক কর্তারা। 
যদিও প্রশাসনের দাবিকে উড়িয়ে দিয়েছেন জমি ঘিরে রাখা ব্যক্তি সুনীলকুমার সরকার। তিনি জানান, জমিটি তাঁর নামে খতিয়ানভুক্ত। কিন্তু কম্পিউটারে সেটা দেখা যাচ্ছে না। রাজনৈতিক কারণে এখন তাঁর জমি সরকারি হিসেবে চিহ্নিতকরণ করা হচ্ছে। সুনীলবাবুর ছেলে শঙ্কর সরকার বলেন, যে জমি চিহ্নিত করা হচ্ছে সেটা বিচারাধীন। এটা রাজনৈতিক অভিসন্ধি। 
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বার্নিশ অঞ্চলের সভাপতি দেবদুলাল বৈদ্য বলেন, সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে ভোগ করছে বিজেপি নেতার পরিবার। এখানে রাজনীতির কোনও ব্যাপার নেই। প্রশাসন নিজেদের মতো করে তদন্ত করছে। নদী ভরাট করে তেজপাতা বাগান করা হয়েছে। তাই বর্ষার সময় প্রচুর মানুষ সমস্যায় পড়ছে। জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে থাকাতেই প্রশাসনের কাছে অভিযোগ গিয়েছে। 
দেবায়নী মিত্র বলেন, আমাদের কাছে ম্যাপ রয়েছে। সেই ম্যাপ ধরেই সরকারি জমি চিহ্নিতকরণ করা হয়েছে। বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। সবটাই দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ